তিবলিসি, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া ও জর্জিয়া রোববার অস্ত্রবিরতি স্বাক্ষর করলেও ওই অঞ্চলে উত্তেজনা কমেনি। তবে সোমবার দক্ষিণ ওসেটিয়া ছাড়াও জর্জিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন রুশ সেনারা তাদের অবস্থান পরিবর্তন করছে বলে জানিয়েছেন রুশ সেনা কর্মকর্তারা।
রাশিয়ার একজন উর্ধ্বতন সেনা কমান্ডার সোমবার সকালে বলেছেন দক্ষিণ ওসেটিয়া থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছেন তারা। কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেনা সরিয়ে নেওয়া শুরু হয়নি ওই কমান্ডার নিশ্চয়ই সেনা সরানোর প্রস্তুতির কথা বলেছেন।
এর আগে রাশিয়ার কর্মকর্তারা বলেছেন বিচ্ছিন্নতাকামী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সেনা সরাবে না তারা।
ওদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জর্জিয়ার গোরি শহরে সোমবার সেনা অবস্থান পরিবর্তন করেছে রাশিয়া। গত কয়েকদিনের তুলনায় এদিন সেখানকার সেনা চৌকিগুলোতে রুশ সেনাদের উপস্থিতি ছিল কম।
ফ্রান্সের মধ্যস্থতায় স্বাক্ষরিত জর্জিয়া-রাশিয়া অস্ত্রবিরতির পর ওই অঞ্চলের সংঘর্ষ আপাতত বন্ধ হওয়ার আশা করা হলেও রুশপন্থী বিচ্ছিন্নতাকামী অঞ্চল আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া নিয়ে জর্জিয়ার সঙ্গে রাশিয়ার বিরোধ নিরসনের কোনো সম্ভাবনা এখনও তৈরী হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২৫ ঘ.
bdnews24