ইসলামাবাদ, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ গঠনের জন্য একটি খসড়া অভিযোগপত্র চূড়ান্ত করেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার।
জোটের শরীক দলগুলোর সদস্য এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিশন ওই খসড়া চূড়ান্ত করার পর শনিবার তা যাচাই বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই কমিশনের একজন সদস্য রয়টার্সকে একথা জানিয়েছেন।
ওদিকে, প্রেসিডেন্টের মুখপাত্র যদিও বলছেন যে, পদত্যাগ না করে অভিযোগ মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছেন পারভেজ মুশাররফ। কিন্তু পাকিস্তানসহ আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে, মুশাররফের প্রস্থান পরিকল্পনা নিয়ে একটা সুরাহায় পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে তার অন্যতম মুসলিম মিত্র সৌদি আরব।
অভিশংসনের অভিযোগ গঠন কমিশনের সদস্য এবং জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম শরীক দল সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের অন্যতম শীর্ষ নেতা আহসান ইকবাল জানান, মুশাররফের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারও অসদাচরণের অভিযোগে অভিশংসনের প্রক্রিয়া পুরোদমেই চলছে।
তিনি জানান, অভিযোগপত্রের খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তারা তা যাচাই বাছাই করে ফেরৎ পাঠালেই অভিযোগ দাখিলের বিষয়টি চূড়ান্ত হবে।
ইকবাল আরও বলেন, "তার বিরুদ্ধে অভিযোগের তালিকা অনেক দীর্ঘ...মঙ্গলবারের মধ্যেই এগুলো দাখিল করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪৩ ঘ.
bdnews24