পালো আল্টো, ক্যালিফোর্নিয়া, ১৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - দুই মার্কিনি সম্প্রতি দাবি করেন ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় গভীর অরণ্যে বিশালদেহী এক ইয়েতির মরদেহ খুঁেজ পেয়েছেন তারা।
বনমানুষ সদৃশ কথিত ওই জন্তুর মুখাবয়বের ছবিসহ খবরটি ইন্টারনেটে প্রচারের সঙ্গে সঙ্গেই তা গোটা যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কিন্তু ইয়েতির শরীরের টিস্যু হিসেবে দাবি করে যে জৈব পদার্থ আনা হয়েছিল তার ডিএনএ পরীক্ষায় ওই দাবি নাকচ হয়ে গিয়েছে।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ম্যাথ্যু হিউটন এবং রিক ডায়ার জানান জুন মাসে উত্তরের বনাঞ্চলে ওই ইয়েতির মরদেহটি দেখতে পান তারা। তাদের দাবি মৃত ইয়েতিটির উচ্চতা ৭ফুট ৭ইঞ্চি এবং ওজন ২২৬ কিলোগ্রাম।
শুক্রবার পালো আল্টো শহরে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি উত্থাপন করেন। কিন্তু তাদের এসব দাবি এবং তাদের নিজস্ব ওয়েব সাইটে প্রচারিত ইয়েতির মুখাবয়ব এবং বিশালাকৃতির মৃতদেহের ছবি দেখে সন্দেহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
আইডাহো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং 'বিগফুট' (ইয়েতি) গবেষক জেফরি মেলড্রাম বলেন, "আমি যা দেখেছি তা মোটেও বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমার মনে হয় ছবিগুলো তাদের দাবির প্রতি সন্দেহ জাগায়।"
তিনি আরও বলেন, "এটা দেখে মনে হয়েছে একটা কস্টিউম (বিশেষ পোষাক) পরিয়ে ওপরে কিছু বাড়তি চুল দাড়ি লাগিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের মৎস ও বন্যপ্রাণী দপ্তর (ফিশ এন্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস) জানিয়েছে, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না এবং এ বিষয়ে কোনো তদন্তও করছেন না তারা।
অবশ্য নিজেদের দাবি জোরদারের জন্যে ইয়েতির মরদেহের টিস্যু হিসেবে উল্লেখ করে কিছু জৈব পদার্থের ডিএনএ পরীক্ষা করায় এবং তার ফলাফলও সংবাদ সম্মেলনে হাজির করে ওই দুই মার্কিনি।
ইউনিভার্সিটি অফ মিনেসোটা'র জীববিজ্ঞানী কার্ট নেলসন ওই ডিএনএ পরীক্ষা করেন। নেলসনের মতে একটি নমুনা পরীক্ষায় যা পাওয়া গেছে তা মানুষের ডিএনএ। অপর নমুনাটির ফলাফল অপূর্ণাঙ্গ এবং তৃতীয় একটি নমুনা থেকে তা একটি 'পোসাম' বা ছোট বিড়াল গোত্রীয় প্রাণীর ডিএনএ বলে নিশ্চিত হওয়া গেছে।
কিন্তু এই ডিএনএ পরীক্ষা থেকে ইয়েতির অস্তিত্ব প্রমাণ না হওয়ায় ওই দুই মার্কিনির উদ্দেশ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। ওদিকে অনুসন্ধানে জানা গেছে যে, ওই দুই মার্কিনি যৌথভাবে একটি 'বিগফুট পণ্য সামগ্রী' বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা গল্প ও পুরাণের মধ্যে দিয়ে এক রহস্যময় প্রাণী হয়ে আছে ইয়েতি। এখন পর্যন্ত এর অস্তিত্বের সপক্ষে কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া না গেলেও বিভিন্ন সময়ে এ নিয়ে নানা রহস্যময় কাহিনী এমনকি ভিডিও ও ছবিও প্রকাশিত হয়েছে।
কথিত ওই রহস্যময় প্রাণী যুক্তরাষ্ট্রে বিগফুট নামে পরিচিত। কানাডায় সাচকোয়াচ, এশিয়ায় ইয়েতি, আমাজন অঞ্চলে মাপিনগুয়ারি এবং অস্ট্রেলিয়ায় তা ইয়োয়ি নামে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩০ ঘ.
bdnews24