বোগোতা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কলাম্বিয়ার আন্তিকুইয়া প্রদেশের ইতুইয়ানগোতে বৃহস্পতিবার রাতে এক বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। এ হামলার জন্য কর্মকর্তারা রিভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলাম্বিয়া বা 'ফার্ক' গেরিলা দলকে দায়ী করেছেন।
কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, স্থানীয় অধিবাসীদের একটি উৎসবের আয়োজন চালাকালে এ বোমা হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের সহায়তায় কলাম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবে এ বছর ফার্ক গেরিলা বিরোধী অভিযান জোরদার করেন। বিশ্লষকরা বলছেন, সরকারে অভিযানের কারণে দলটির কেবল দুর্গম অঞ্চলে অবস্থানরত সেনারাই টিকে রয়েছে এবং মাদক পাচারের অর্থ দিয়েই তারা দল পরিচালনা করছে।
টেলিভিশন চিত্রে দেখা গেছে ইতুয়ানগোর বিস্ফোরণস্থল থেকে হেলিকপ্টারের সাহায্যে গুরুতর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টায় একটি ব্যস্ত এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। সে সময় স্থানীয় লোকজন পরিবার পরিজন নিয়ে একটি উৎসব উদযাপন করছিল এবং রাস্তার পাশে দোকান থেকে কেনা কাটা করছিল।
হামলায় আহত একজন বেতারকে জানান, "আমি বন্ধুদের সঙ্গে একটা দারুণ সময় কাটাচ্ছিলাম। আমরা যখন একটা দোকানে যাওয়ার জন্য আরও কয়েক জনের জন্য অপেক্ষা করছিলাম তখন বিস্ফোরণের শব্দ শুনতে পাই।"
তিনি আরও বলেন, "আমি যখন হুঁশ ফিরে পাই তখন আবিস্কার করি আমার পায়ে আঘাত লেগেছে। চারপাশে আরও আহত মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৫৪ ঘ.
bdnews24