গোরি, জর্জিয়া, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি করার চেষ্টায় শুক্রবার তিবলিসি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। জর্জিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রকাশ করা ছাড়াও সেখান থেকে রাশিয়ার সেনা সরানো এই শান্তিচুক্তির লক্ষ্য।
রাইস তিবলিসিতে পৌঁছার আগেও জর্জিয়ার গভীরে ঢুকে পড়া রুশ সেনারা সরে যায়নি বলে খবর পাওয়া গেছে।
যুদ্ধবিরতি ঘোষণার তিনদিন পরও জর্জিয়ার তিনটি শহরে এখনও হাজার হাজার রুশ সেনা ও ট্যাংক মোতায়েন রয়েছেশুক্রবার রাশিয়ার ট্যাংক এবং সশস্ত্র সেনাযান আবারও তিবলিসির পশ্চিমে গোরি শহরের মূল প্রবেশপথ বন্ধ করে রাখে। রয়টার্সের এক সংবাদদাতা একথা জানিয়েছেন।
গোরির চেকপয়েন্ট রুশ সেনাদের দখলে রয়েছে এবং ভোররাতে শহরে লুটেরাদের তাণ্ডব চলছে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জর্জিয়ার সীমান্তের কাছে সোচি এলাকায় রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দেখা করে জর্জিয়ার সঙ্গে সংঘাতের কূটনৈতিক সমাধানের পথ গ্রহণের অনুরোধ জানাবেন।
ওদিকে, এ সপ্তাহে ফ্রান্সের উদ্যোগে প্রণীত শান্তি প্রস্তাবে জর্জিয়া এখনও আনুষ্ঠানিকভাবে সই করেনি। প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলির সইয়ের বিষয়টি এখনও অনিশ্চিত। সাকাশভিলি বলেছেন, সই করার আগে তাকে প্রস্তাবটি আরও ভালোভাবে পড়ে দেখতে হবে। ফ্রান্সের ওই শান্তি প্রস্তাবই তিবলিসিতে নিয়ে যাচ্ছেন রাইস।
বৃহস্পতিবার সিএনএন এ সাকাশভিলি বলেন, "তিনি কি নিয়ে আসছেন তা আমাদেরকে দেখতে হবে।"
অন্যদিকে, রাইস বলেছেন, "আমি ফ্রান্সের শান্তিপ্রস্তাব সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে জর্জিয়ার প্রেসিডেন্ট সাকাশভিলির সঙ্গে কথা বলব। এরপর আমরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চালাব। কারণ, আমাদের লক্ষ্যই হচ্ছে যুদ্ধবিরতি করা এবং জর্জিয়া থেকে রাশিয়ার সেনা সরানো।"
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, "ছয়দফা শান্তি প্রস্তাবে সাকাশভিলি সই করলে তা লড়াই বন্ধে বলিষ্ঠ পদক্ষেপ হবে। এতে করে রুশ সেনাও প্রত্যাহার হবে।"
মস্কোর সেনারা তিবলিসি এবং গোরি শহরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে বৃহস্পতিবার অভিযোগ করে জর্জিয়া। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে। তারা পাল্টা অভিযোগ করে বলে, গোরিতে মিলিশিয়াদের লুটপাট রাশিয়া ঠেকাতে পারছে না। এ ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না।
এর আগে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার জর্জিয়ায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। ৫ দিনব্যাপী লড়াইয়ের পর এবং মস্কোয় ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে এ নির্দেশ দেন তিনি।
গত সপ্তাহে জর্জিয়ার সেনাবাহিনী মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়ার পুনর্দখল নেওয়ার চেষ্টা করলে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সংঘাত আরও তীব্র রূপ নেয় যখন রাশিয়া দক্ষিণ ওসেটিয়ার পশ্চিমে জর্জিয়ার আরেকটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আবখাজিয়ায় ৯ হাজারেরও বেশি ছত্রীসেনা মোতায়েন করে।
সংঘর্ষ আবখাজিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।
রাশিয়াকে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়ে রোববার দক্ষিণ ওসেটিয়া থেকে সব সেনা সরিয়ে নেওয়ার কথা জানায় জর্জিয়া। কিন্তু রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, নিঃশর্তভাবে দক্ষিণ ওসেটিয়া থেকে সেনা ফিরিয়ে নিতে হবে জর্জিয়াকে। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া প্রদেশটির রাজধানী তসখিনভালি নিয়ন্ত্রণে নিয়ে নেয় রুশ সেনারা।
ককেসীয় অঞ্চলের এই নতুন সংঘাতকে একটি সতর্ক সংকেত মনে করে পশ্চিমা দেশগুলো। কেননা, অন্যান্য রাজনৈতিক হিসেব- নিকেশের পাশাপাশি জর্জিয়ার ভেতর দিয়ে যাওয়া এখানকার 'বাকু-তিবলিসি-তুরস্ক' তেল পাইপলাইনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে তেলের বড় ভোক্তা ইউরোপসহ যুক্তরাষ্ট্রের তেল চাহিদার একটি বড় অংশ এ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হয়ে থাকে।
১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকেই জর্জিয়া থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দক্ষিণ ওসেটিয়া। ১৯৯১-৯২ সালে সদ্য স্বাধীন জর্জিয়া থেকে নিজেদের আলাদা করতে যুদ্ধ শুরু করে দক্ষিণ ওসেটিয়া। কিন্তু তাতে কোনো চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও জর্জিয়া বাহিনী একসময় পিছু হটে।
গত প্রায় ১৫ বছর ধরে ওই অঞ্চলটি কার্যত এক ধরনের স্বাধীনতা ভোগ করে আসলেও জর্জিয়া থেকে তাদের বেরিয়ে আসার এ চেষ্টাকে সমর্থন দেয়নি আন্তর্জাতিক স
bdnews24