২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন মাওবাদী নেতা প্রচণ্ড

কয়েক সপ্তাহের রাজনৈতিক লড়াইয়ের পর নেপালের গণপরিষদ শুক্রবার বিশেষ অধিবেশনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চলেছে। মাওবাদী নেতা প্রচন্ডই নেপালের নতুন প্রধানমন্ত্রী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

কাঠমাণ্ডু, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কয়েক সপ্তাহের রাজনৈতিক লড়াইয়ের পর নেপালের গণপরিষদ শুক্রবার বিশেষ অধিবেশনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চলেছে। মাওবাদী নেতা প্রচন্ডই নেপালের নতুন প্রধানমন্ত্রী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। গত এপ্রিলে নেপালের বিশেষ গণপরিষদের নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ফলে নির্বাচনের পর চার মাস পেরিয়ে এলেও সরকার গঠন নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেনি নেপালে। গণপরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন, ৫৯৫ আসনের গণপরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। গণপরিষদে এককভাবে সংখ্যাগরিষ্ঠ মাওবাদীরা ২২৭টি আসনের অধিকারী। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গেলেই নেপালে সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে। ধারণা করা হচ্ছে মাওবাদীদের নেতৃত্বেই নেপালের নতুন সরকার গঠিত হবে। মাওবাদীরা জানিয়েছে, জোট গঠনের উদ্দেশ্যে তারা এখনও বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখনও কোনো দলের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে পারেনি কিছুদিন আগেও সশস্ত্র সংগ্রামের পথে থাকা সাবেক গেরিলাদের এই দলটি। এছাড়াও দলগুলো দাবি করছে ২০০৬ সালের শান্তি চুক্তি অনুযায়ী ওই সময়ের আগে মাওবাদীদের দখল করা সব সম্পদ এবং জমি প্রকৃত মালিকদের ফিরেয়ে দিতে হবে । নেপালি কংগ্রেসের শীর্ষ নেতা রাম চন্দ্র পোড়েল রয়টার্সকে বলেন, "সেনা ক্যাম্পে এখনও মাওবাদীদের গেরিলা সেনারা রয়ে গেছে এবং গুদামে (জাতিসংঘ পর্য়বেক্ষকদের তত্ত্বাবধানে থাকা) তাদের অস্ত্র রয়েছে এবং শান্তি প্রক্রিয়াটি এখনও কোনো যৌক্তিক পরিণতি পায়নি"। অন্যদিকে, ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে মাওবাদীরা বলছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো অন্য দলগুলোকে দিয়ে দেওয়ার মানে হবে তাদের প্রধানমন্ত্রীকে অচল করে দেওয়া। এ বিষয়ে মাওবাদী প্রধান প্রচন্ড সাংবাদিকদের বলেন, "মাওবাদীদের যদি হাত-পা একসঙ্গে বেঁধে হুইলচেয়ারে বসিয়ে দেওয়া হয় তাহলে তারা সরকার চালাতে পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৩ ঘ.