২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে আরও সেনা কমাবে ব্রিটেন

আগামী বছর ইরাক থেকে আরও সেনা কমাবে ব্রিটেন। ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেলসমৃদ্ধ নগরী বসরায় নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে থাকায় ব্রিটেন তাদের বাহিনী থেকে কমান্ডারদের সরিয়ে নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

লন্ডন, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী বছর ইরাক থেকে আরও সেনা কমাবে ব্রিটেন। ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেলসমৃদ্ধ নগরী বসরায় নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে থাকায় ব্রিটেন তাদের বাহিনী থেকে কমান্ডারদের সরিয়ে নেবে। বসরায় ৪১০০ সেনার শক্তিশালী বাহিনী কমান্ডার মেজর জেনারেল বার্নে হোয়াইট-স্পুনার ছয়মাস পর এ সপ্তাহে লন্ডনে ফিরেছেন। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি এখন এত ভালো যে, সেনারা এখন রাস্তায় দাঁড়িয়ে কাবাব খেতে পারে। বুধবার প্রতিরক্ষা সংবাদদাতাদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নে বলেন, "বসরার পরিবর্তন চোখে পড়ার মতো। ইরাকে পরিস্থিতি ভালো থেকে আরও ভালোর দিকে যাচ্ছে। এতে করে সেখানে সেনা কমানো সম্ভব হবে।" তিনি আরও বলেন, "পরিস্থিতি এখন এমন পর্যায়ে আছে যে, আগামী বছরই এর মৌলিক পরিবর্তন ঘটবে।" ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন গত মাসে পার্লামেন্টে বলেছিলেন, " ইরাক মিশনের মৌলিক পরিবর্তন ঘটবে ২০০৯ সালের প্রথমভাগেই। সেনা সংখ্যা ক্রমেই কমতে থাকবে। তবে তিনি কত সেনা কমবে বা কখন তা কমানো হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি।" উল্লেখ্য, ব্রিটেন এ বছর ইরাক থেকে ২৫০০ সেনা কমানোর পরিকল্পনা করেছিল। কিন্তু গত বছরের শেষ দিক থেকে বসরায় আবারও সহিংসতা শুরু হওয়ায় ব্রিটেন সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। যুক্তরাষ্ট্রও চায় না ব্রিটেন এত তাড়াতাড়ি সেনা প্রত্যাহার করুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৭ ঘ.