ইসলামাবাদ, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ অভিসংশনের মুখোমুখি না হয়ে বরং পদত্যাগ করতে প্রস্তুত। পাকিস্তান জোট সরকারের এক কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন। তবে প্রেসিডেন্টের মুখপাত্র এখনও তার পদত্যাগের সম্ভাবনা নাকচ করে যাচ্ছেন।
ওদিকে, জোট সরকারে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, "মুশাররফের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি পদত্য্যাগ করতে প্রস্তুত। তবে তিনি নানা র্শর্ত দিচ্ছেন। বিশেষ করে ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির জন্য অভিসংশন থেকে মুক্তি দাবি করেছেন মুশাররফ।"
তিনি বলেন, "আলোচনা এখনও চলছে। কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি। দেখা যাক কি হয়।"
পাকিস্তানের পিপিপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার গত সপ্তাহে মুশাররফকে অভিশংসন করার পরিকল্পনা প্রকাশের পর থেকেই তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা-কল্পনা বাড়ছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মুশাররফ অবসরে যাওয়ার দাবি করেছেন। তাছাড়া ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তাকে বিচার করার কোনও পদক্ষেপ না নেওয়ারও দাবি করেছেন তিনি।
সরকারি এক কর্মকর্তারা উদ্ধৃতি দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, প্রভাবশালী সেনাবাহিনী মুশাররফের এই দাবি পূরণের ওপর জোর দিচ্ছে।
মুশাররফের মুখপাত্র তার পদত্যাগের সম্ভাবনা নাকচ করলেও 'দ্য নিউ ইয়র্ক টাইমস' জানিয়েছে, "মুশাররফ কিভাবে পদত্যাগ করবেন, তিনি পাকিস্তানে থাকতে পারবেন কিনা, নাকি বিদেশে আশ্রয় খুঁজবেন--- এ সমস্ত বিষয় নিয়ে তার প্রতিনিধিদের সঙ্গে জোট সরকারের আলোচনা চলছে।"
পিপিপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা ফরহাতুল্লাহ বাবর বলেছেন, মুশাররফ পদত্যাগ করতে পারে এমন জল্পনা বাড়ছে। সব ধরনের গুজবই শোনা যাচ্ছে। তবে সাদামাটা চোখে যা বোঝা যাচ্ছে তা হল মুশাররফ পদত্যাগ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৮ ঘ.
bdnews24