২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সন্ত্রাসের বিরুদ্ধে 'জীবন-মরণ' লড়াইয়ের হুঁশিয়ারি

পরপর কয়েকটি হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জীবন-মরণ লড়াইয়ের' হুঁশিয়ারি দিয়েছেন চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের নেতারা। বেইজিং অলিম্পিকের সময় এ ধরনের হামলাকে বেশ বড় ধরনের হুমকি হিসেবে নিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বেইজিং, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরপর কয়েকটি হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জীবন-মরণ লড়াইয়ের' হুঁশিয়ারি দিয়েছেন চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের নেতারা। বেইজিং অলিম্পিকের সময় এ ধরনের হামলাকে বেশ বড় ধরনের হুমকি হিসেবে নিয়েছে চীন। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী তেল সমৃদ্ধ জিনজিয়াং এলাকায় গত দুই সপ্তাহে পৃথক তিনটি হামলার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ দাবি করেছে, বেইজিং অলিম্পিককে ব্যাহত করতেই ওই এলাকার মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা এ সমস্ত হামলা চালিয়েছে। জিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ওয়াং লিকুয়ান জানিয়েছেন, "সব স্তরের নেতাদেরই পরিস্থিতি বুঝতে হবে এবং 'তিন শক্তির' বিরুদ্ধে এই লড়াইকে জীবন-মরণ লড়াই হিসেবে নিতে হবে। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও ধর্মীয় কট্টরপন্থা-- এই তিন অশুভ শক্তিকে চীনের নিরাপত্তা ও ঐক্যে হুমকি হিসাবে উল্লেখ করেছে জিনজিয়াং ডেইলি। পত্রিকাটি অভিযোগ করেছে, জিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীন 'ইস্ট তুর্কেস্তান' গঠনের লক্ষ্যে লড়াই করছে। তবে সমালোচকরা বলছেন, এই হুমকিকে অতিরঞ্জন করে প্রচার করা হচ্ছে। দলীয় নেতাদের এক বৈঠকে ওয়াং লিকুয়ান বলেন, "জিনজিয়াংয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের এবং তা বেশ জটিলও ।" তিনি আরও বলেন, "বিচ্ছিন্নতাবাদীদের এ ধরনের হামলা সম্পর্কে নিরাপত্তা বাহিনীকে সব সময় সতর্ক থাকতে হবে এবং তাদের শক্তি বিনাশ করতে সময়য়োপযোগী পদক্ষেপ নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.