জেরুজালেম, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছেন, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের চুক্তির আওতায় কোনও ফিলিস্তিনি শরণার্থীকে ফিরে আসতে দেবে না ইসরায়েল। ওলমার্টের কার্যালয় বৃহস্পতিবার একথা জানায়।
অধিকৃত পশ্চিম তীর ও গাজা জুড়ে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চুক্তির আওতায় ওলমার্ট ১০ বছরের মধ্যে প্রতিবছর ২ হাজার করে ফিলিস্তিনি শরণার্থী নেবেন---- এমন খবরের প্রতিক্রিয়ায় ইসরায়েল বিরল ওই বিবৃতি প্রকাশ করেছে।
ওলমার্টের কার্যালয় জানায়, "প্রধানমন্ত্রী কখনওই ইসরায়েলে ২০ হাজার ফিলিস্তিনি শরণার্থী ফেরত নেওয়ার প্রস্তাব দেননি। প্রধানমন্ত্রী একথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ভবিষ্যতে কোনও চুক্তির আওতায় কোনও ফিলিস্তিনি শরণার্থীকে ইসরায়েলে ফিরতে দেওয়া হবে না।"
ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে এ বিবৃতির প্রতি তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24