ভিয়েনা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ পরমাণু বাণিজ্যের ওপর থেকে বিধি-নিষেধ তুলে নেওয়ার জন্য 'নিউক্লিয়ার সাপ্লাই গ্র"প' (এনএসজি)'র সদস্যদেশগুলোকে খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পরমাণু চুক্তি এগিয়ে নেওয়ার আরেকটি পদক্ষেপ এটি।
বামদলগুলোর হুমকি উপেক্ষা করে ভারত পরমাণু চুক্তি নিয়ে সামনে এগিয়েছে। চুক্তিটিতে মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে ভারতকে কয়েকটি ধাপ পেরুতে হবে। তার মধ্যে প্রথম ধাপেই চুক্তিতে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা 'আইএইএ' বোর্ডের সমর্থন পেয়েছে ভারত। এখন এনএসজি'র কাছ থেকে বাণিজ্য ছাড় পাওয়া পালা।
যুক্তরাষ্ট্রের 'আর্মস কন্ট্রোল এসোসিয়েশন' (এসিএ) তাদের (ডব্লিউ.ডব্লিউ.ডব্লিউ.আর্মসকন্ট্রোল.অর্গ) ওয়েবসাইটে ভারতকে বাণিজ্য ছাড় দেওয়ার ওই খসড়া প্রস্তাব প্রকাশ করেছে। প্রস্তাবটি গৃহীত হলে ভারতের ওপর থেকে ৩৪ বছরের পরমাণু বাণিজ্য নিষেধাজ্ঞা উঠে যাবে। আর এজন্য প্রস্তাকারীকে কোনও শর্তও মানতে হবে না।
এনএসজি'র কয়েকটি সদস্য দেশ বলেছে, এই ছাড়ের বদলে পুনরায় যাচাই করে দেখার মতো ঘটনাগুলো চিহ্নিত করার সুযোগ থাকবে বলেই তারা আশা করে। যেমন: ভারতের পরমাণু বোমা পরীক্ষা কিংবা তাদের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক পর্যবেক্ষণে বাধা-বিপত্তি কিংবা ব্যর্থতা।
খসড়ায় বলা হয়েছে, এনএসজি'র সদস্যরা ভারতের স্বেচ্ছায় নেওয়া পদক্ষেপগুলো টুকে রেখেছে। এর মধ্যে রয়েছে ভারতের একতরফা পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়টি এবং জাতিসংঘ আণবিক শক্তি সংস্থাকে তাদের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেওয়ার প্রতিশ্র"তির বিষয়টিও। কিন্তু ভারত ওই সমস্ত পদক্ষেপ না মানলে সেক্ষেত্রে তাদের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ বা অন্য কোনও পরিণতির কথা প্রস্তাবে উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ওই খসড়া প্রস্তাব এনএসজি'র চেয়ারম্যান জার্মানিতে পাঠানো হয়েছে ৬ আগস্টে। সেখান থেকে এনএসজি'র ৪৫ টি সদস্যদেশের কাছে তা পাঠানো হয়েছে। 'এসিএ' একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪০ঘ.
bdnews24