ইসলামাবাদ, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদত্যাগের ক্রমবর্ধমান চাপের মুখেও পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা এবং মুসলিম জঙ্গিদের সামাল দিতে বৃহস্পতিবার সংহতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
কিন্তু মুশাররফের এই আবেদনে তাকে ক্ষমতা থেকে উৎখাতে জোট সরকারের চেষ্টা দৃশ্যত ব্যর্থ হচ্ছে না। ঊর্ধ্বতন এক কর্মকর্তা এদিনও বলেছেন, মুশাররফ পদত্যাগে অস্বীকৃতি জানালে তাকে অভিশংসন করার প্রক্রিয়া ঠিক পথেই চলছে।
তবে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া টেলিভিশন ভাষণে মুশাররফ অভিশংসনের ব্যাপারে কিছু বলেন নি।
ক্ষমতাসীন জোট থেকে তাকে অভিশংসন করার পরিকল্পনা ঘোষণার পর এটাই ছিল মুশাররফের জনসম্মুখে প্রথম ভাষণ। তার পদত্যাগের আহ্বান সম্পর্কেও তিনি কিছু বলেন নি।
মুশাররফ বলেন, "আমাদের অর্থনীতিকে আমরা সঠিক পথে পরিচালনা এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে না পারলে আমর মনে হয় আমরা এ দুটি বিষয়কে সঠিকভাবে মোকাবেলা করতে পারব না।"
তিনি আরও বলেন, "আমার দৃষ্টিতে, সংঘাত নয় বরং সংহতির মাধ্যমেই কেবল রাজনৈতিক স্থিতিশীলতা আনা যেতে পারে।"
মুশাররফের এই ভাষণের কয়েক ঘন্টা পরই প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি স্বাধীনতা দিবসের ভাষণে বলেন, তার সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতিতেই বিশ্বাসী। গিলানি মুশাররফের নাম উল্লেখ না করে এবং তার আবেদনে সাড়া না দিয়ে বলেন, " দমনপীড়নের যুগ শেষ। একনায়কত্ব এখন অতীতের কাহিনী।"
অন্যদিকে, প্রেসিডেন্ট মুশাররফের অভিশংসন প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি দলের সদস্য এবং পিপিপি'র মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেন, "মুশাররফকে যেতেই হবে।"
তিনি বলেন, "রাজনৈতিক সংহতির জন্য জেনারেল পারভেজ মুশাররফকে পদত্যাগ করতে হবে। এ ছাড়া সংহতি সম্ভব নয়।"
তিনি আরও বলেন, " অভিশংসন প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে।"
উল্লেখ্য, গত বছরের শুরু থেকেই রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর গত বৃহস্পতিবার ক্ষমতাসীন জেটের সিদ্ধান্ত সংকট আরও ঘণীভূত করেছে।
এ অবস্থায় তার শক্তির অন্যতম ভরসাস্থল সেনাবাহিনীও তাকে সসম্মানে ক্ষমতা ছাড়ার অনুরোধ জানিয়েছে। দেশের বাইরে তার রক্ষাকর্তা বন্ধু মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেই মনে হচ্ছে । কিন্তু শত চাপের মুখেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে নারাজ সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ।
পাকিস্তানের ইতিহাসে এ পর্যন্ত কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে পরিস্থিতি যেভাবে আগাচ্ছে তাতে মুশাররফ যদি স্বেচ্ছায় সরে না দাঁড়ান তাহলে অভিশংসন এড়ানো সম্ভব হবে না।
এ মাসের মধ্যে মুশাররফকে অভিশংসিত করার পরিকল্পনা করছে ক্ষমতাসীন জোট। তবে বিশ্লেষকরা বলছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যৌথভাবে অভিশংসনের সব প্রস্তুতি শেষ করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।
তারপরও খুব সহজেই যে বিষটি সুরাহা করা সম্ভব হবে তা নয়। পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব আনতে হলে জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) ও প্রাদেশিক পরিষদের (সিনেট) কমপক্ষে অর্ধেক সদস্যের সমর্থন লাগবে।
এরপর প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক নোটিশ দিতে হবে। নোটিশের জবাব দিতে ৩ দিন সময় পাবেন তিনি। এর ৭ থেকে ১৪ দিনের মধ্যে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের যৌথ অধিবেশন বসাতে হবে বিষয়টি তদন্ত করে দেখতে।
তদন্ত শেষে প্রস্তাবটি গৃহীত হলেও যৌথ অধিবেশনের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে প্রেসিডেন্টকে অভিশংসনের অনুমোদন পেতে।
কিন্তু আসিফ আলি জারদারি বা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দুই দল এবং তাদের জোট মিত্রদের নিয়েও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই। অর্থাৎ, মুশাররফকে অভিশংসন করতে হলে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন পেতে হবে জোট সরকারকে।
পার্লামেন্টে মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু হতে থাকলেও পদত্যাগ না করার সিদ্ধান্তে মুশাররফ অটল থাকায় সেনবাহিনী তাকে সমর্থন দেবে কি না এ প্রশ্নটি বড় হয়ে দেখা দেয়।
প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে জারদারি-নওয়াজের নেতৃত্বাধীন পিপিপি-মুসলিম লীগের জোট সরকারের মধ্যে সম্ভাব্য সংঘাতকে ঘিরে ইতোমধ্যেই দেশটির পুঁজিবাজারের সূচক নিম্নমুখী হতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।
অবশ্য এ সংঘাতে দেশটির সেনাবাহিনীর ভূমিকা কি হবে তা নিয়েই সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা চলছে। কেননা স্বাধীনতা লাভের পর গত প্রায় ৬১ বছরের অর্ধেকেরও বেশি সময় দেশটির ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে। বাকী সময়টাতে বেসামরিক সরকার থাকলেও সেখানে সেনাবাহিনীর প্রভাব ছিল উল্লেখযোগ্য।
কিন্তু মঙ্গলবার পিপিপি নেতা আসিফ আলি জারদারি স্পষ্টভাবেই দাবি করেছেন যে, মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াবে না সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৪১৯ ঘ.
bdnews24