২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় যাচ্ছে মার্কিন সাহায্য, গোরি থেকে সরে যাচ্ছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান থেকে জর্জিয়ায় সাহায্য সরবরাহ শুরু হয়েছে। দক্ষিণ ওসেটিয়ায় রাশিয়ার যুদ্ধবিরতির সমর্থনে জর্জিয়ায় এই সাহায্য পাঠাচ্ছে ওয়াশিংটন। ওদিকে, রাশিয়া বৃহস্পতিবার গোরি শহর থেকে অবিলম্বে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

তিবলিসি, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- যুক্তরাষ্ট্রের সামরিক বিমান থেকে জর্জিয়ায় সাহায্য সরবরাহ শুরু হয়েছে। দক্ষিণ ওসেটিয়ায় রাশিয়ার যুদ্ধবিরতির সমর্থনে জর্জিয়ায় এই সাহায্য পাঠাচ্ছে ওয়াশিংটন। ওদিকে, রাশিয়া বৃহস্পতিবার গোরি শহর থেকে অবিলম্বে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। গোরির অবস্থান দক্ষিণ ওসেটিয়ার বাইরে রাজধানী তিবলিসির ৬০ কিলোমিটার পূর্বে। পূর্ব ও পশ্চিম জর্জিয়ার সংযোগরক্ষাকারী সড়ক রয়েছে এখানে। কর্মকর্তারা বলেছেন, গোরি ও তার আশপাশের দখলকৃত অঞ্চল জর্জিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর শুরু করেছে রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধবিরতি মেনে জর্জিয়ার সঙ্গে পাঁচদিন ব্যাপী সংঘাত বন্ধেরই প্রমাণ। তবে রাশিয়ার একজন জেনারেল বলেছেন, হালকা অস্ত্র এবং অবিস্ফোরক অস্ত্রসহ রুশ সেনারা আরও কিছুদিন এর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করবে। যুক্তরাষ্ট্র জর্জিয়ার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পক্ষে রয়েছে। প্রেসিডেন্ট বুশ হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা জার্জিয়ার স্বার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার ওপর জোর দিচ্ছি। বৃহস্পতিবার জর্জিয়ার প্রেসিডেন্ট শাকাসভিলির সঙ্গে কথা বলার পর বুশ তিবলিসিতে মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর নির্দেশ দেন। জর্জিয়ায় ইতোমধ্যেই ত্রাণ নিয়ে পৌঁছেছে মার্কিন সি-১৭ সামরিক বিমান। বৃহস্পতিবার ত্রাণবাহী আরেকটি বিমান সেখানে পৌঁছার কথা রয়েছে। বুশ বলেন, রাশিয়া জর্জিয়ায় ত্রাণ সরবরাহ করতে দেবে এবং ত্রাণ সরবরাহের সব পথ খোলা রাখবে বলেই তিনি আশা করেন। মস্কোর সেনারা তিবলিসি এবং গোরি শহরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে বৃহস্পতিবার অভিযোগ করে জর্জিয়া। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে। তারা পাল্টা অভিযোগ করে বলে, গোরিতে মিলিশিয়াদের লুটপাট রাশিয়া ঠেকাতে পারছে না। এ ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না। এর আগে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার জর্জিয়ায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। ৫ দিনব্যাপী লড়াইয়ের পর এবং মস্কোয় ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে এ নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জর্জিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজির বৈঠকের ঠিক আগ মুহূর্তে জর্জিয়ায় যুদ্ধ বন্ধে রাশিয়ার নির্দেশের ওই খবর আসে। জর্জিয়া ও রাশিয়ার এই যুদ্ধ তেলের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি পশ্চিমা বিশ্বকেও উদ্বিগ্ন করে তোলে। এছাড়াও, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনার শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় সোমবার জর্জিয়ায় যান। দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু তার এই আহ্বান তোয়াক্কা করেনি রাশিয়া। গত সপ্তাহে জর্জিয়ার সেনাবাহিনী মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়ার পুনর্দখল নেওয়ার চেষ্টা করলে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সংঘাত আরও তীব্র রূপ নেয় যখন রাশিয়া দক্ষিণ ওসেটিয়ার পশ্চিমে জর্জিয়ার আরেকটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আবখাজিয়ায় ৯ হাজারেরও বেশি ছত্রীসেনা মোতায়েন করে। সংঘর্ষ আবখাজিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাশিয়াকে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়ে রোববার দক্ষিণ ওসেটিয়া থেকে সব সেনা সরিয়ে নেওয়ার কথা জানায় জর্জিয়া। কিন্তু রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, নিঃশর্তভাবে দক্ষিণ ওসেটিয়া থেকে সেনা ফিরিয়ে নিতে হবে জর্জিয়াকে। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া প্রদেশটির রাজধানী তসখিনভালি নিয়ন্ত্রণে নিয়ে নেয় রুশ সেনারা। ককেসীয় অঞ্চলের এই নতুন সংঘাতকে একটি সতর্ক সংকেত মনে করে পশ্চিমা দেশগুলো। কেননা অন্যান্য রাজনৈতিক হিসেব- নিকেশের পাশাপাশি জর্জিয়ার ভেতর দিয়ে যাওয়া এখানকার 'বাকু-তিবলিসি-তুরস্ক' তেল পাইপলাইনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে তেলের বড় ভোক্তা ইউরোপসহ যুক্তরাষ্ট্রের তেল চাহিদার একটি বড় অংশ এ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হয়ে থাকে। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকেই জর্জিয়া থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দক্ষিণ ওসেটিয়া। ১৯৯১-৯২ সালে সদ্য স্বাধীন জর্জিয়া থেকে নিজেদের আলাদা করতে যুদ্ধ শুরু করে দক্ষিণ ওসেটিয়া। কিন্তু তাতে কোনো চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও জর্জিয়া বাহিনী একসময় পিছু হটে। গত প্রায় ১৫ বছর ধরে ওই অঞ্চলটি কার্যত এক ধরনের স্বাধীনতা ভোগ করে আসলেও জর্জিয়া থেকে তাদের বেরিয়ে আসার এ চেষ্টাকে সমর্থন দেয়নি আন্তর্জাতিক স