২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি কবি মাহমুদ দরবিশ সমাহিত

ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দরবিশকে বুধবার পশ্চিম তীরের রামাল্লা শহরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ৬৭ বছর বয়সে গত শনিবার তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

পশ্চিম তীর, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দরবিশকে বুধবার পশ্চিম তীরের রামাল্লা শহরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ৬৭ বছর বয়সে গত শনিবার তিনি মারা যান। ফিলিস্তিনি পতাকায় মোড়া দরবিশের কফিন নিয়ে শোকযাত্রায় অংশ নেয় প্রায় দশ হাজার মানুষ। এ সময় শোকার্তরা 'ওহ মাহমুদ, ওহ মাহমুদ, তুমি শান্তিতে ঘুমাও আমরা লড়াই চালিয়ে যাব' বলে শোক করতে থাকে। এর আগে জর্ডান থেকে একটি হেলিকপ্টারে দরবিশের মরদেহ এসে পৌঁছায় রামাল্লায়। যুক্তরাষ্ট্র থেকে আগেই মরদেহ আনা হয়েছিল জর্ডানে। দেশে পৌঁছানোর পর দরবিশের মরদেহ নেওয়া হয় রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ে। সেখানে এক বাণীতে মাহমুদ আব্বাস বলেন, "তিনি ছিলেন আমাদের জাতীয় চেতনার প্রতীক, আমাদের স্বাধীনতার ঘোষণা, আমাদের মানব সংবিধান।" ফিলিস্তিনি কবিদের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত দরবিশ তার মাতৃভূমির 'জাতীয় কবি' হিসেবে বিবেচিত হতেন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি ওপেন হার্ট সার্জারি করা হয় দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগতে থাকা এই কবির। কিন্তু ওই অস্ত্রোপচারের পরও জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৪১ সালের ১৩ মার্চ হাইফার কাছে ফিলিস্তিনি গ্রাম আল-বিরওয়া'তে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৮ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে তার পুরো গ্রাম ধ্বংসস্তুপে পরিণত হয়। ক্ষুরধার লেখনী ও গভীর পর্যবেক্ষণশক্তির অধিকারী এই কবি পুরো মধ্যপ্রাচ্য ও পশ্চিমে ফিলিস্তিনি সাংস্কৃতিক আন্দোলনের প্রতীকে পরিণত হন দরবিশ। তার লেখনী এবং রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের বিষয়ে উচ্চকন্ঠ এই কবি ইসরায়েলি দখলদারিত্বের তীব্র বিরোধিতার পাশাপাশি তিনি সবসময়ই ফিলিস্তিনি রাজনীতির দ্বিধাবিভক্তির কঠোর সমালোচনা করে গেছেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে ১৯৮৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাপত্রটি ছিল কবি মাহমুদ দরবিশের লেখা। জনপ্রিয় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত বিশাল এক রাজনৈতিক সমাবেশে একতরফা ওই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন। যৌবনেই 'পিএলও' বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে যোগ দিয়ে স্বাধীনতার যুদ্ধে সক্রিয় ছিলেন তিনি। কিন্তু ১৯৯৩ সালে ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে অর্ন্তবর্তী শান্তি চুক্তি স্বাক্ষর করায় পিএলও থেকে পদত্যাগ করেন তিনি। ১৯৯৬ সালে পশ্চিমতীরে গিয়ে সেখানে বসবাস শুরু করেন দরবিশ। ১৯৬০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ 'পাখহীন পাখি' (উইংলেস বার্ড) প্রকাশের মধ্য দিয়ে আরব সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন তিনি। প্রায় অর্ধশত কাব্যগ্রন্থের পাশাপাশি বেশ কিছু গল্প এবং স্মৃতিচারণ ও আত্মজীবনীমূলক রচনাও রয়েছে তার। ১৯৬৯ সালে আফ্রো-এশীয় লেখক শিবিরের 'দ্য লোটাস প্রাইজ', ১৯৮৩ সালে রাশিয়ার 'লেনিন পিস প্রাইজ' এবং ১৯৯৩ সালে ফ্রান্সের 'দ্য নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস এন্ড লেটারস'সহ বেশ কয়েকটি পুরস্কারেও ভূষিত হয়েছেন মাহমুদ দরবিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪২ ঘ.