২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ বাড়ছে কিন্তু পদত্যাগ করবেন না মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে বিদায় করতে সরকারের সকল প্রস্তুতি প্রায় শেষ। আগামী সপ্তাহে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন করবে তারা। এদিকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে তার এক সময়ের মিত্ররা। সেনাবাহিনীও তাকে অনুরোধ করেছে সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিতে। কিন্তু এত চাপ সত্ত্বেও পদত্যাগ করছেন না মুশাররফ। বুধবার তার এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ইসলামাবাদ, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে বিদায় করতে সরকারের সকল প্রস্তুতি প্রায় শেষ। আগামী সপ্তাহে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন করবে তারা। এদিকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে তার এক সময়ের মিত্ররা। সেনাবাহিনীও তাকে অনুরোধ করেছে সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিতে। কিন্তু এত চাপ সত্ত্বেও পদত্যাগ করছেন না মুশাররফ। বুধবার তার এক মুখপাত্র একথা জানিয়েছেন। গত বছরের শুরু থেকেই রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর গত বৃহস্পতিবার ক্ষমতাসীন জেটের সিদ্ধান্ত এই সংকটকে আরও ঘণীভূত করেছে। পাকিস্তানের ডেইলি টাইমস পত্রিকা বুধবার মুশাররফপন্থি একটি রাজনৈতিক দলের এক নেতার বরাত দিয়ে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন মুশাররফ। তবে মুশাররফের মুখপাত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ কোরেশি এই খবর প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "পাকিস্তানের পত্রপত্রিকাগুলো স্বপ্নের মধ্যে আছে। তারা লিখেছে প্রেসিডেন্ট পদত্যাগ করতে পারেন। তবে তেমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।" গত কয়েক বছর ধরে মুশাররফকে সমর্থন দিয়ে এসেছে এমন একটি রাজনৈতিক দলের নেতা সিকান্দার শেরপা গত মঙ্গলবার বলেন, "বিরোধে জড়িয়ে পড়ার সময় এখন নয়, আমরা চাইছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে। এ কারণেই আমরা অভিশংসনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" এই অবস্থায় তার শক্তির অন্যতম ভরসাস্থল সেনাবাহিনীও তাকে সসম্মানে ক্ষমতা ছাড়ার অনুরোধ জানিয়েছে। দেশের বাইরে তার রক্ষাকর্তা বন্ধু মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই মনে হচ্ছে । কিন্তু শত চাপের মুখেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে নারাজ সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ। পাকিস্তানের ইতিহাসে এ পর্যন্ত কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে পরিস্থিতি যেভাবে আগাচ্ছে তাতে মুশাররফ যদি স্বেচ্ছায় সরে না দাঁড়ান তাহলে অভিশংসন এড়ানো সম্ভব হবে বলে মনে হয় না। তথ্যমন্ত্রী শেরি রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "মুশাররফ বিরোধী ঢেউ লেগেছে সারাদেশে। এমনকি তার এক সময়ের মিত্ররাও তার বিপক্ষে যোগ দিচ্ছে।" এ মাসের মধ্যে মুশাররফকে অভিশংসিত করার পরিকল্পনা করছে ক্ষমতাসীন জোট। তবে বিশ্লেষকরা বলছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যৌথভাবে অভিশংসনের সব প্রস্তুতি শেষ করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। তারপরও খুব সহজেই যে বিষটি সুরাহা করা সম্ভব হবে তা নয়। পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব আনতে হলে জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) ও প্রাদেশিক পরিষদের (সিনেট) কমপক্ষে অর্ধেক সদস্যের সমর্থন লাগবে। এরপর প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক নোটিশ দিতে হবে। নোটিশের জবাব দিতে ৩ দিন সময় পাবেন তিনি। এর ৭ থেকে ১৪ দিনের মধ্যে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের যৌথ অধিবেশন বসাতে হবে বিষয়টি তদন্ত করে দেখতে। তদন্ত শেষে প্রস্তাবটি গৃহীত হলেও যৌথ অধিবেশনের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে প্রেসিডেন্টকে অভিশংসনের অনুমোদন পেতে। কিন্তু আসিফ আলি জারদারি বা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দুই দল এবং তাদের জোট মিত্রদের নিয়েও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই। অর্থাৎ, মুশাররফকে অভিশংসন করতে হলে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন পেতে হবে জোট সরকারকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৫ ঘ.