হারারে আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সরকার ও বিরোধীদলের ম্যারাথন আলোচনায় ক্ষমতা-ভাগাভাগি চুক্তি করতে ব্যর্থ হয়ে বুধবার জিম্বাবুয়ে ত্যাগ করেছেন দক্ষিণ-অফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি। ফলে চুক্তির সম্ভাবনা নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি হল।
এমবেকির মধ্যস্থতায়ই সঙ্কট নিরসনে তিনদিনের ম্যারাথন আলোচনায় বসেছিলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও মর্গান স্যাঙ্গেরাই। এমবেকি বলেছেন, আলোচনা ভেঙে যায়নি। তবে মুগাবে বিরোধীদলের একটি অংশের নেতার সঙ্গে চুক্তিতে পৌঁছেছিলেন। তবে এমবেকি এই চুক্তির ব্যাপারে নিশ্চিত ছিলেন না।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মঙ্গলবার ওই বিরোধী পক্ষের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি করতে রাজি হন। তবে প্রধান প্রতিপক্ষ মর্গান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে তার এখনও সমঝোতা হয়নি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি একথা বলেছেন।
জিম্বাবুয়েতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট নিরসনে মধ্যস্থতা করছেন এমবেকি। তিনি বলেন, আলোচনা এখনও ভেঙে যায়নি এবং বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই এখনও তার অবস্থান বিবেচনা করছেন।
এমবেকি সাংবাদিকদের বলেন, "আমরা সব জটিল বিষয় নিয়ে আলোচনা করেছি। এ বিষয়গুলোতে মুগাবে এবং দলছুট নেতা মুতামবারা রাজি হয়েছেন। কিন্তু একটি ব্যাপারে মতৈক্য হয়নি। এ বিষয়টি সুরাহার জন্য মর্গান স্যাঙ্গেরাই আরও সময় চেয়েছেন।"
মুগাবের জানু পিএফ পার্টির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আর্থার মুতামবারার সঙ্গে ইতোমধ্যেই একটি চুক্তি হয়েছে। তবে এমডিসি'র এক মুখপাত্র বলেছেন, একথা সত্য নয়। ওদিকে, এমবেকিও বলেন, চুক্তি সত্যিই সই হয়েছে কিনা তা তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৮ঘ.
bdnews24