২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে সমর্থন দেবে না সেনাবাহিনী: জারদারি

পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকার বলেছে মুশাররফকে সমর্থন দেওয়ার জন্য হস্তক্ষেপ করবে না দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই। ক্ষমতাসীন জোটের প্রধান দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান আসিফ আলি জারদারি মঙ্গলবার একথা বলেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 06:05 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ইসলামাবাদ, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকার বলেছে মুশাররফকে সমর্থন দেওয়ার জন্য হস্তক্ষেপ করবে না দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই। ক্ষমতাসীন জোটের প্রধান দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান আসিফ আলি জারদারি মঙ্গলবার একথা বলেছেন। পার্লামেন্টে মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু হতে থাকলেও পদত্যাগ না করার সিদ্ধান্তে মুশাররফ অটল থাকায় সেনবাহিনী তাকে সমর্থন দেবে কি না এ প্রশ্নটি বড় হয়ে দেখা দেয়। প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে জারদারি-নওয়াজের নেতৃত্বাধীন পিপিপি-মুসলিম লীগের জোট সরকারের মধ্যে সম্ভাব্য সংঘাতকে ঘিরে ইতোমধ্যেই দেশটির পুঁজিবাজারের সূচক নিম্নমুখী হতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য এ সংঘাতে দেশটির সেনাবাহিনীর ভূমিকা কি হবে তা নিয়েই সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে। কেননা স্বাধীনতা লাভের পর গত প্রায় ৬১ বছরের অর্ধেকেরও বেশি সময় দেশটির ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে। বাকী সময়টাতে বেসামরিক সরকার থাকলেও সেখানে সেনাবাহিনীর প্রভাব ছিল উল্লেখযোগ্য। কিন্তু মঙ্গলবার পিপিপি নেতা আসিফ আলি জারদারি স্পষ্টভাবেই দাবি করেছেন যে, মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়ায় বাঁধা হয়ে দাঁড়াবে না সেনাবাহিনী। বেসরকারি টিভি চ্যানেল জিওটিভি-কে জারদারি বলেন, "সেনাবাহিনী আমার ... আমি মনে করি সেনাবাহিনী (রাজনীতিতে) জড়িত নয়।" তিনি আরও বলেন, "আমি নিশ্চিত যে, আইএসআই রাজনীতিতে জড়িত নয় এবং তারা তা হবেও না।" ওদিকে, প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি বলেছেন, "আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, জেনারেল কায়ানি খুবই পেশাদার এবং তিনি গণতন্ত্রের পক্ষে"। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানিকে গত বছরের শেষের দিকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ করেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০৪ ঘ.