রামাল্লাহ, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি পূরণ না হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আব্বাসের কার্যালয় থেকে মঙ্গলবার একথা জানানো হয়েছে।
প্রেসিডেন্ট আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএফএ'কে জানিয়েছেন, ওলমার্টের প্রস্তাব পর্যালোচনা করে মনে হয়েছে তারা শন্তি চুক্তিতে আন্তরিক নয়।
তিনি জানান, ওলমার্টের প্রস্তাবে জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিটি উপেক্ষিত। এছাড়া, জঙ্গিদের নিরস্ত্র করা ও হামাস নিয়ন্ত্রিত গাজায় আব্বাস প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই কেবল ওই শান্তি পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
পশ্চিমা ও ফিলিস্তিন কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রস্তাবের আওতায় ইসরায়েল তাদের অধিকৃত পশ্চিম তীরের ৯২ দশমিক ৭ ভাগ এলাকা ও সম্পূর্ণ গাজা উপত্যকা ফিলিস্তিনকে ফিরিয়ে দেবে বলে জানিয়েছে।
পশ্চিম তীরের ভূমির বিনিময়ে গাজা উপত্যকার মরু এলকা থেকে ৫ দশমিক ৩ শতাংশ ভূমি দাবি করেছে ইসরায়েল।
ওলমার্ট কয়েক মাস আগেই এই প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের বামপন্থি 'হারেজ' পত্রিকায় প্রস্তাবের বিস্তারিত জানানো হয়েছে।
আব্বাসের মুখপাত্র আবু রুদেইনাহ বলেন, "ইসরায়েলের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। জেরুজালেমকে রাজধানী করে কোনো বসতি ছাড়াই এবং ১৯৬৭ সালের ৪ জুনের পূর্বের সীমারেখা নিয়ে গঠিত ফিলিস্তিন রাষ্ট্রকে পেলেই কেবল তা মেনে নেওয়া হবে।"
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল জেরুজালেমের পূর্বাংশ, গাজা উপত্যকা ও পশ্চিম তীর দখল করে নেয়।
আবু রুদেইনাহ এই প্রস্তাবকে কলক্ষেপণ বলে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৩৫ ঘ.
bdnews24