বাগদাদ, ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের দিয়ালা প্রদেশের গভর্র্নরের গাড়িবহর একটি আত্মঘাতী হামলা থেকে রক্ষা পাওয়ার পর মঙ্গলবার ওই প্রদেশের রাজধানীতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। ওই হামলায় কমপক্ষে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।
বোমা হামলাকারী দিয়ালার প্রাদেশিক রাজধানী বাকুবায় গভর্নর রাদ রশিদ এর গাড়িবহরের কাছে বোমা বিস্ফোরণ ঘটালে হতাহতের ওই ঘটনা ঘটে। তবে এতে রশিদ অক্ষত থেকে যান।
ইরাকিয়া রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, নগরীর কেন্দ্রস্থলে মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত কারফিউ বহাল থাকবে।
এ প্রদেশটি সুন্নি আরব আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি বাহিনীর দুসপ্তাহব্যাপী চলমান দমনাভিযানস্থল। আল-কায়েদা প্রায়ই এ অঞ্চলে আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।
এদের বেশিরভাগই নারী হামলাকারী। তবে মঙ্গলবারের হামলাটি নারী না পুরুষ চালিয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৪ ঘ.
bdnews24