২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিশংসনের মুখে মিত্রদের হারাচ্ছেন মুশাররফ

নয় বছরের ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে একে একে মিত্রদের হারাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। অভিশংসনের মাধ্যমে তাকে বিদায় করতে বিরোধীদের তোড়জোড়ের মধ্যে মুখ ফিরিয়ে নিচ্ছে তার মিত্ররাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ইসলামাবাদ, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নয় বছরের ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে একে একে মিত্রদের হারাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। অভিশংসনের মাধ্যমে তাকে বিদায় করতে বিরোধীদের তোড়জোড়ের মধ্যে মুখ ফিরিয়ে নিচ্ছে তার মিত্ররাও। গত কয়েক বছর ধরে মুশাররফকে সমর্থন দিয়ে এসেছে এমন একটি রাজনৈতিক দলের নেতা সিকান্দার শেরপা বলেন, "বিরোধে জড়িয়ে পড়ার সময় এখন নয়, আমরা চাইছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে। এ কারণেই আমরা অভিশংসনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" গত বছরের শুরু থেকেই রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর গত বৃহস্পতিবার ক্ষমতাসীন জেটের সিদ্ধান্ত এই সংকটকে আরও ঘণীভূত করেছে। এই অবস্থায় তার শক্তির অন্যতম ভরসাস্থল সেনাবাহিনীও তাকে সসম্মানে ক্ষমতা ছাড়ার অনুরোধ জানিয়েছে। দেশের বাইরে তার রক্ষাকর্তা বন্ধু মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই মনে হচ্ছে । কিন্তু শত চাপের মুখেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে নারাজ সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ। তার মুখপাত্র মঙ্গলবারও জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। বরং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তা মোকাবেলা করবেন। পাকিস্তানের ইতিহাসে এ পর্যন্ত কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে পরিস্থিতি যেভাবে আগাচ্ছে তাতে মুশাররফ যদি স্বেচ্ছায় সরে না দাঁড়ান তাহলে অভিশংসন এড়ানো সম্ভব হবে বলে মনে হয় না। তথ্যমন্ত্রী শেরি রহমান সাংবাদিকদের বলেন, "মুশাররফ বিরোধী ঢেউ লেগেছে সারাদেশে। এমনকি তার এক সময়ের মিত্ররাও তার বিপক্ষে যোগ দিচ্ছে।" এ মাসের মধ্যে মুশাররফকে অভিশংসিত করার পরিকল্পনা করছে ক্ষমতাসীন জোট। তবে বিশ্লেষকরা বলছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যৌথভাবে অভিশংসনের সব প্রস্তুতি শেষ করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। তারপরও খুব সহজেই যে বিষটি সুরাহা করা সম্ভব হবে তা নয়। পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব আনতে হলে জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) ও প্রাদেশিক পরিষদের (সিনেট) কমপক্ষে অর্ধেক সদস্যের সমর্থন লাগবে। এরপর প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক নোটিশ দিতে হবে। নোটিশের জবাব দিতে ৩ দিন সময় পাবেন তিনি। এর ৭ থেকে ১৪ দিনের মধ্যে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের যৌথ অধিবেশন বসাতে হবে বিষয়টি তদন্ত করে দেখতে। তদন্ত শেষে প্রস্তাবটি গৃহীত হলেও যৌথ অধিবেশনের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে প্রেসিডেন্টকে অভিশংসনের অনুমোদন পেতে। কিন্তু আসিফ আলি জারদারি বা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দুই দল এবং তাদের জোট মিত্রদের নিয়েও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই। অর্থাৎ, মুশাররফকে অভিশংসন করতে হলে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন পেতে হবে জোট সরকারকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩০ ঘ.