কাঠমান্ডু, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স) - বিশেষ অধিবেশনের মাধ্যমে নেপালের গণপরিষদ শুক্রবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। ধারণা করা হচ্ছে মাওবাদী নেতা প্রচন্ডই হবেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। নেপালি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
গত এপ্রিলে নেপালের বিশেষ গণপরিষদের নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ফলে নির্বাচনের পর চার মাস পেরিয়ে এলেও সরকার গঠন নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেনি নেপালে।
গণপরিষদের মুখপাত্র মুকুন্দ প্রসাদ শর্মা বলেন, "শুক্রবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।" তিনি আরও জানান, বৃহস্পতিবারের মধ্যেই দলগুলোকে তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে হবে।
অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, ৫৯৫ আসনের গণপরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। গণপরিষদে এককভাবে সংখ্যাগরিষ্ঠ মাওবাদীরা ২২৭টি আসনের অধিকারি।
প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গেলেই নেপালে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। ধারণা করা হচ্ছে মাওবাদীদের নেতৃত্বেই নেপালের নতুন সরকার গঠিত হবে।
মাওবাদীরা জানিয়েছে, জোট গঠনের উদ্দেশ্যে তারা এখনও বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখনও কোনো দলের সঙ্গেই গাঁটছাড়া বাধতে সমর্থ হয়নি কিছুদিন আগেও সশস্ত্র সংগ্রামের পথে থাকা সাবেক গেরিলাদের এই দলটি।
এছাড়াও দলগুলো দাবি করছে ২০০৬ সালের শান্তি চুক্তি অনুযায়ী ওই সময়ের আগে মাওবাদীদের দখল করা সব সম্পদ এবং জমি প্রকৃত মালিকদের ফিরেয়ে দিতে হবে ।
নেপালি কংগ্রেসের শীর্ষ নেতা রাম চন্দ্র পোড়েল রয়টার্সকে বলেন, "সেনা ক্যাম্পে এখনও মাওবাদীদের গেরিলা সেনারা রয়ে গেছে এবং গুদামে (জাতিসংঘ পর্য়বেক্ষকদের তত্ত্বাবধানে থাকা) তাদের অস্ত্র রয়েছে এবং শান্তি প্রক্রিয়াটি এখনও কোনো যৌক্তিক পরিণতি পায়নি"।
অন্যদিকে, ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে মাওবাদীরা বলছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো অন্য দলগুলোকে দিয়ে দেওয়ার মানে হবে তাদের প্রধানমন্ত্রীকে অচল করে দেওয়া।
এ বিষয়ে মাওবাদী প্রধান প্রচন্ড সাংবাদিকদের বলেন, "মাওবাদীদের যদি হাত-পা একসঙ্গে বেঁধে হুইলচেয়ারে বসিয়ে দেওয়া হয় তাহলে তারা সরকার চালাতে পারবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২৩ ঘ.
bdnews24