ইসলামাবাদ, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - বিরোধীরা ঐক্যবদ্ধ, মিত্ররা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে চলেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তবুও অটল। তার এক মুখপাত্র এদিনও জানালেন, সরে দাঁড়াচ্ছেন না তিনি।
মুশাররফ সরে দাঁড়াতে পারেন বলে দেশি-বিদেশি গণমাধ্যমে যে আলোচনা চলছে তাকে এককথায় নাকচ করে দিয়েছেন তার মুখপাত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ কুরেশী।
সোমবার তিনি বলেন, "এরকম কোনো কিছু হচ্ছে না। যারা বলছে তিনি পদত্যাগ করছেন আপনারা বরং তাদের কাছে বিষয়টি জিজ্ঞাসা করুন।"
কিন্তু মুশাররফ যা ই বলুন না কেন বসে নেই পাকিস্তানের ক্ষমতাসীন জোট নেতারা। সোমবার বিকালে পার্লামেন্ট অধিবেশন শুরুর আগে আলোচনায় বসে মুশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে আলোচনায় বসেন পিপিপি, পিএমএল-এন এবং জোট সরকারের অন্য শরীক দলগুলোর নেতারা।
পাকিস্তান পিপলস পার্টির ফারজানা রাজা সোমবার জানান, "অভিশংশসন কমিটির কাজ প্রায় শেষ। তারা এখন অভিযোগ-পত্রের চূড়ান্ত ঘষামাজা করছেন।"
ওদিকে, দ্য ডেইলি টাইমস পত্রিকাটি জানিয়েছে, মুশাররফপন্থী 'পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আযম' এর কমপক্ষে ১০ জন নেতা পিপিপি নেতা আসিফ আলি জারদারিকে অনুরোধ করেছেন যে, মুশাররফ পদত্যাগ করলে তাকে যেন বিচারের মুখোমুখি না করা হয়।
এ অবস্থায় এ বিষয়টি স্পষ্ট যে, মুশাররফের একসময়ের মিত্ররাও এখন আর তার পক্ষে লড়াইয়ে নামতে চান না।
তবে অবস্থা যা-ই হোক সহসাই বিষয়টির সুরাহা হচ্ছে না। কেননা পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব আনতে হলেই জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) ও প্রাদেশিক পরিষদের (সিনেট) কমপক্ষে অর্ধেক সদস্যের সমর্থন লাগবে এতে।
এরপর প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক নোটিশ দিতে হবে। নোটিশের জবাব দিতে ৩ দিন সময় পাবেন তিনি। এর ৭ থেকে ১৪ দিনের মধ্যে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের যৌথ অধিবেশন বসাতে হবে বিষয়টি তদন্ত করে দেখতে।
তদন্ত শেষে প্রস্তাবটি গৃহীত হলেও যৌথ অধিবেশনের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে প্রেসিডেন্টকে অভিশংসনের অনুমোদন পেতে।
কিন্তু আসিফ আলি জারদারি বা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দুই দল এবং তাদের জোট মিত্রদের নিয়েও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই। অর্থাৎ, মুশাররফকে অভিশংসন করতে হলে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন পেতে হবে জোট সরকারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮০৮ ঘ.
bdnews24