২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাসনে থাকার ঘোষণা দিলেন থাকসিন

দেশে না ফিরে নির্বাসনে থাকার ঘোষণা দিলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার লন্ডন থেকে থাই সুপ্রিম কোর্টের কাছে লেখা এক চিঠিতে তিনি দেশে ফিরে আদালতে হাজিরা দিতে তার অক্ষমতার কথা জানান এবং নির্বাসনেই থেকে যাওয়ার ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ব্যাংকক, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দেশে না ফিরে নির্বাসনে থাকার ঘোষণা দিলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার লন্ডন থেকে থাই সুপ্রিম কোর্টের কাছে লেখা এক চিঠিতে তিনি দেশে ফিরে আদালতে হাজিরা দিতে তার অক্ষমতার কথা জানান এবং নির্বাসনেই থেকে যাওয়ার ঘোষণা দেন। তার যে রাজনৈতিক শত্র"রা ২০০৬ সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা তাকে এবং তার পরিবারকে 'শেষ করে' দেওয়ার জন্য আদালতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে এ সিদ্ধান্তের কথা জানান থাকসিন। লন্ডনে তার বাসস্থল থেকে হাতে লেখা ওই চিঠিটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ফ্যাক্স করেন তিনি। তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে আনীত দুর্নীতির মামলায় জামিনে মুক্ত ছিলেন ৫৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, "ইংল্যান্ডে বসবাসের সিদ্ধান্ত নেওয়া এবং এখানে আসার জন্য আমার অবশ্যই আবারও ক্ষমা চাওয়া উচিৎ। আমি যদি সত্যিই ভাগ্যবান হই তাহলে একদিন দেশে ফিরব এবং অন্য থাইদের মতোই দেশের মাটিতে মারা যাব।" বিশ্লেষকরা বলছেন, থাকসিনের নির্বাসনে থাকার এ সিদ্ধান্তের কারণে তার অনুসারীদের নেতৃত্বে গঠিত বর্তমান ক্ষমতাসীন জোট কিছুটা হলেও রাজনৈতিক স্বস্তি পাবে। তারা এখন রাজপথে নিত্যদিনের থাকসিন বিরোধী বিক্ষোভ সামাল দেওয়া থেকে চোখ সরিয়ে অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দিতে পারবে। কিন্তু পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি) নেতারা বলছেন, থাকসিন অনুসারী প্রধানমন্ত্রী সামাক এর নেতৃত্বাধীন ছয় দলীয় জোটের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। থাকসিন ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসেন তার অনুসারী ও সমর্থকদের নিয়ে গঠিত বর্তমান সরকার। কিন্তু দেশটির রাজপরিবারের আনুকুল্যে থাকা অভিজাত শ্রেণী, ব্যবসায়ী এবং ব্যাংককের মধ্যবিত্তদের সমন্বয়ে গঠিত পিএডি শুরু থেকেই বর্তমান সরকারকে থাকসিনের একটি 'ছায়া সরকার' হিসেবে অভিহিত করে তাদের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০৫ ঘ.