তসখিনভালি, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়ার সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়ার রাজধানী তসখিনভালিতে সোমবার শেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। অন্যদিকে, জর্জিয়া বলেছে, দেশের বিভিন্ন অঞ্চলে রাশিয়া বোমা বর্ষণ করেছে। তাছাড়া, রুশ সেনারা আবখাজিয়া থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) সামনে এগিয়েছে বলেও অভিযোগ করেছে জর্জিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলা ও অভিযোগের মাঝে শান্তি অণ্বেষণে নেমেছে ফ্রান্স। (আরও তথ্যসহ-১)
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় সোমবার জর্জিয়ায় যান। দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু জর্জিয়ার বিরুদ্ধে রাশিয়ার আক্রমণাত্মক পদক্ষেপে এ আলামতই স্পষ্ট যে, তারা দক্ষিণ ওসেটিয়া সংঘাতে বাড়াবাড়িরকম প্রতিক্রিয়া দেখানোর প্রেসিডেন্ট বুশের সমালোচনার তোয়াক্কা করছে না। রাশিয়ার প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ব্রিটেনও।
কিন্তু জর্জিয়া অযথাই দক্ষিণ ওসেটিয়ায় হামলা চালিয়েছে বলে মনে করে রাশিয়া। রাশিয়া-পন্থী অন্য বিচ্ছিন্নতাবাদী অঞ্চলও যাতে আক্রান্ত না হয় সে চেষ্টা করছে মস্কো। এ কারণে তারা কোনওরকম আপোসের ধার ধারছে না। আবখাজিয়ায় ৯ হাজারেরও বেশি ছত্রীসেনা মোতায়েন করেছে রাশিয়া।
আবখাজিয়ার (দক্ষিণ ওসেটিয়ার পশ্চিমে আরেকটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল) কাছে মোতায়েন জর্জিয়ার ১৫০০'র বেশি সেনা সরিয়ে নেওয়া নয়ত রুশ বাহিনীর হামলার শিকার হওয়ার আলটিমেটাম দিয়েছে মস্কো। কিন্তু জর্জিয়া এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় সোমবার জানায়, রুশ সেনারা আবখাজিয়ার সীমানা বরাবর সেনাকি শহরের দিকে অগ্রসর হয়েছে। মন্ত্রণলায়ের মুখপাত্র সোতা ইউতিয়াশভিলি রয়টার্সকে বলেন, "তারা বহু সংখ্যক সেনাযান নিয়ে সামনে অগ্রসর হয়ে 'সেনাকি' শহরে ঢুকে পড়েছে।
ওদিকে, শান্তি মিশনে জর্জিয়ায় পৌঁছে কুচনা ইতোমধ্যেই প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলির সঙ্গে দেখা করেছেন। সোমবার সন্ধ্যায়ই তার মস্কো যাওয়ার কথা। সাকাশভিলির সঙ্গে বৈঠকের পর কুচনা বলেন, নিয়ন্ত্রিত সেনা প্রত্যাহারই তার প্রথম অগ্রাধিকার। উল্লেখ্য, ফ্রান্স বর্তমানে 'ইইউ' এর প্রেসিডেন্ট পদে রয়েছে।
তিবলিসিতে কুচনা সাংবাদিকদের বলেন, "টেবিলে ফিরে আসা, আলোচনা, শান্তি আলোচনা, রাজনৈতিক সমাধানই মোদ্দা কথা। একথা বলা খুব সহজ, কিন্তু করা খুবই কঠিন।"
দক্ষিণ ওসেটিয়া কর্তৃপক্ষের মুখপাত্র ইরিনা গাগলোয়েভা'র উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার জানিয়েছে, জর্জিয়ার সেনাদের নিক্ষিপ্ত কাতিউশা রকেটের আঘাতে ৩ রুশ শান্তিরক্ষী সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া প্রদেশটির রাজধানী তসখিনভালি এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে।
অন্যদিকে, জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "বহু সংখ্যক রুশ জঙ্গি বিমান জর্জিয়ার আকাশে চক্কর দিচ্ছে। গত কয়েক ঘন্টা ধরে সেগুলো সারা দেশে হামলা চালিয়েছে"।
রাশিয়াকে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়ে রোববার সেখান থেকে সব সেনা সরিয়ে নেওয়ার কথা জানায় জর্জিয়া। কিন্তু রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, নিঃশর্তভাবে দক্ষিণ ওসেটিয়া থেকে সেনা ফিরিয়ে নিতে হবে জর্জিয়াকে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোববার অভিযোগ করে বলেছেন, "দক্ষিণ ওসেটিয়া সংঘাতকে ঘিরে পশ্চিমা দেশগুলো সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। এই সংঘাতে রাশিয়া যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা বেমানান।"
এ ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চতুর্থদফা বৈঠকেও রোববার কোনো অগ্রগতি হয়নি। বরং স্নায়ুযুদ্ধকালীন উত্তপ্ত বাক-বিতণ্ডার মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।
ওদিকে, দক্ষিণ ওসেটিয়া সংঘাত নিরসনে প্যারিসের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই মস্কো ও তিবলিসিতে মিশন পাঠিয়েছেন ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা।
ককেসীয় অঞ্চলের এই নতুন সংঘাতকে একটি সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করছে পশ্চিমা দেশগুলো। কেননা অন্যান্য রাজনৈতিক হিসেব- নিকেশের পাশাপাশি জর্জিয়ার ভেতর দিয়ে যাওয়া এখানকার 'বাকু-তিবলিসি-তুরস্ক' তেল পাইপলাইনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে তেলের বড় ভোক্তা ইউরোপসহ যুক্তরাষ্ট্রের তেল চাহিদার একটি বড় অংশ এ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হয়ে থাকে।
১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকেই জর্জিয়া থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দক্ষিণ ওসেটিয়া। ১৯৯১-৯২ সালে সদ্য স্বাধীন জর্জিয়া থেকে নিজেদের আলাদা করতে যুদ্ধ শুরু করে দক্ষিণ ওসেটিয়া। কিন্তু তাতে কোনো চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও জর্জিয়া বাহিনী একসময় পিছু হটে।
গত প্রায় ১৫ বছর ধরে ওই অঞ্চলটি কার্যত এক ধরনের স্বাধীনতা ভোগ করে আসলেও জর্জিয়া থেকে তাদের বেরিয়ে আসার এ চেষ্টাকে সমর্থন দেয়নি আন্তর্জাতিক স
bdnews24