হ্যানয়, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রীষ্মমন্ডলীয় ঝড় কামুরি'র কারণে ভিয়েতনামের পার্বত্য এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যায় এ পর্যন্ত কমপক্ষে ৯৭ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও প্রায় অর্ধশত লোক।
গত শনিবার থেকে এ ঝড় ও বন্যার কবলে পড়ে দেশটি। পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়ে সরকারি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
দেশটির বিভিন্ন নদনদীর পানি গত চার দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এর ফলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে ও তলিয়ে গিয়ে বিস্তীর্ণ অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
চীন সীমান্তবর্তী লাও কাই প্রদেশটি সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত। এখানে শনিবার ৩৬ জন মারা যান এবং ৩৮ জন নিখোঁজ রয়েছেন। ভিয়েতনামের ন্যাশনাল সেন্টার ফর ফ্লাড এন্ড স্টর্ম প্রিভেনশন একথা জানিয়েছে।
বিদেশী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এ প্রদেশের সাপা এলাকার অবকাশ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, এখানে নিহত ও নিখোঁজদের সবাই স্থানীয় অধিবাসী।
তবে, অবকাশ কেন্দ্র সাপায় যাওয়ার পথে প্রায় ১,৬০০ যাত্রী শনিবার থেকে সেখানে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন তারা। এদের অর্ধেকেরও বেশি বিদেশী।
এছাড়া পার্শ্ববর্তী ইয়েন বেই প্রদেশে রাতের বেলায় ভূমিধসের কবলে পড়ে মারা যান ৩৩ জন। নিহত ও নিখোঁজদের বাকীরা আশপাশের অঞ্চলের গ্রামবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমডি/১৩৩৯ ঘ.
bdnews24