২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় ১১৫ তামিল বিদ্রোহীকে হত্যার দাবি সেনাবাহিনীর

শ্রীলংকায় সেনাবাহিনী ও তামিল বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এই সপ্তাহের শুরুতে ১১৫ জন তামিল বিদ্রোহী নিহত হয়েছেন বলে সোমবার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

কলম্বো, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় সেনাবাহিনী ও তামিল বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এই সপ্তাহের শুরুতে ১১৫ জন তামিল বিদ্রোহী নিহত হয়েছেন বলে সোমবার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তামিল বিদ্রোহীদের উত্তরাঞ্চলের শক্ত ঘাঁটি থেকে উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করছে শ্রীলংকার সরকার। এছাড়াও কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলের তামিল নিয়ন্ত্রিত এলাকা এবং বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারি বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "রোববারের সম্মুখ সংঘর্ষে সেনাবহিনী এলটিটিই'র ৬০ জন সন্ত্রাসীকে হত্যা এবং ২৮ জনকে আহত করেছে।" একইসঙ্গে তিনি আরও জানান, ওই সংঘর্ষে তিন সেনা নিহত এবং ১২ জন আহত হয়েছেন। বিদ্রোহীদের হতাহত হওয়া সম্পর্কে 'দ্য লিবারেশন টাইগারস অব তামিল ইলম'- এলটিটিই'র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি। তবে তারা জানিয়েছেন, সেনাবাহিনীর বিমান হামলায় এক স্কুল শিক্ষকসহ দুই বেসামরিক লোক নিহত হয়েছেন। এলটিটিই'র মানবতা এবং মানবাধিকার বিষয়ক মুখপাত্র সেলভি নাভারুবান রয়টার্সকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে জানান, "জনবসতিপূর্ণ ভান্নি এলাকায় শ্রীলংকার সেনাবাহিনী বিমান হামলা চালালে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, দুই বছরের মধ্যে ভান্নি এলাকায় সেনাবাহিনী শতাধিকবার হামলা চালিয়েছে।" তামিল বিদ্রোহীদের রাজধানী কিলিনোচ্চিতে প্রবেশ করার দাবি করেছে শ্রীলংকার সেনাবাহিনী। এ দাবির একদিন পরেই এ সংঘর্ষের ঘটনা ঘটল। এছাড়াও সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার এবং শনিবারের সংঘর্ষে ৫৫ জন তামিল বিদ্রোহী নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। ওই সংঘর্ষে চার সেনাও নিহত হয়েছন বলে জানিয়েছে সেনাবাহিনী। শ্রীলংকার উত্তরাঞ্চলে তামিল অধ্যুষিত অঞ্চলে স্বাধীন রাষ্ট্রের দাবিতে ১৯৮৩ সাল থেকে যুদ্ধ করে আসছে 'দ্য লিবারেশন টাইগারস অব তামিল ইলম' বা এলটিটিই। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছেন। তবে হতাহত সম্পর্কে উভয় পক্ষই ভুল তথ্য দিয়ে আসছে বলে নিরপেক্ষ বিশ্লেষকরা দাবি করে থাকেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩৫ ঘ.