জর্জিয়া, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া প্রদেশে প্রায় তিনদিনের লড়াই শেষে জর্জিয়ার সেনারা পিছু হটে যাওয়ার পর রোববার রাজধানী তসখিনভালির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়ার সেনারা। তবে সেখানে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এর ফলে রুশ-মার্কিন সম্পর্কের অবনতি হবে।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার জানান, জর্জিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে তিনি বলেন, "এটি কোনো সামরিক পরাজয় নয়, বরং বেসামরিক লোকজনকে 'মানবিক বিপর্যয়' থেকে রক্ষার জন্যই সেনা প্রত্যাহার করা হয়েছে।"
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ওসেটিয়ার রাজধানী তসখিনভালি অধিকাংশ এলাকা এখন রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে। তবে সেখানে এখনো জর্জিয়ার কিছু সেনা রয়ে গেছে বলে জানিয়েছেন রাশিয়ার সেনা কর্মকর্তারা।
রাশিয়ার সেনা কর্মকর্তা কর্নেল-জেনারেল আনাতোলি নাগোভিৎসিন মস্কোতে সংবাদ মাধ্যমকে ব্রিফিংয়ের সময় বলেন, "তসখিনভালির অধিকাংশ এলাকা আজ রাশিয়ার শান্তিরক্ষীদের নিয়ন্ত্রণে।"
তবে ওসেটিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়েছে জর্জিয়ার অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে, এতে করে রুশ-মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপ-সামরিক উপদেষ্টা জেমস জেফারি বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি সম্পর্কে আমার সতর্ক আছি। একইসঙ্গে যুক্তরাষ্ট্র রশিয়াকে পরিস্কার জানিয়ে দিতে চায় দক্ষিণ ওসেটিয়ায় তাদের সামরিক পদক্ষেপে রুশ-মর্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।"
দক্ষিণ ওসেটিয়ায় তিনদিনের এ সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু জর্জিয়া বলেছে, সেখানে নিহতের সংখ্যা ৩০০'র মতো। যাদের বেশিরভাগই বেসামরিক লোক।
গত বৃহষ্পতিবার শুরু হওয়া এ সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়ে জর্জিয়ার আরেকটি বিচ্ছিন্নতাকামী অঞ্চল আবখাজিয়ার বিদ্রোহী নেতারাও সক্রিয় হয়ে উঠেছেন। জর্জিয়া দাবি করেছে ওই অঞ্চলেও সেনা পাঠাচ্ছে রাশিয়া।
একইদিনে কৃষ্ণসাগরে অবস্থানরত রুশ নৌবহরের একটি যুদ্ধজাহাজ জর্জিয়া উপকূলের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা 'আরআইএ'।
রোববার সকালে রুশ জঙ্গিবিমান জর্জিয়ার রাজধানী তিবলিসির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে বোমাবর্ষণ করার কিছু পরেই দক্ষিণ ওসেটিয়া থেকে জর্জিয়ার সেনা প্রত্যাহারের খবর পাওয়া যায়।
১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে আগে জর্জিয়া থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দক্ষিণ ওসেটিয়া। ১৯৯১-৯২ সালে সদ্য স্বাধীন জর্জিয়া থেকে নিজেদের আলাদা করতে যুদ্ধ শুরু করে দক্ষিণ ওসেটিয়া। কিন্তু তাতে কোনো চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও জর্জিয়া বাহিনী একসময় পিছু হটে।
গত প্রায় ১৫ বছর ধরে ওই অঞ্চলটি কার্যত এক ধরনের স্বাধীনতা ভোগ করে আসলেও জর্জিয়া থেকে তাদের বেরিয়ে আসার এ চেষ্টাকে সমর্থন দেয়নি আন্তর্জাতিক স
bdnews24