ইসলামাবাদ, ১০ আগস্ট, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ মাসে ক্ষমতাসীন জোটের অভিশংসনের মুখে পড়ার আগেই পদত্যাগের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ওপর মিত্রদের চাপ বাড়ছে। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
গত বছরের শুরু থেকেই রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। পিপিপি নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর বৃহস্পতিবার মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় পরিষদের আগামী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন, জোট সরকারের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, "আগামী ১১ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন ডাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি।"
জোট সরকারের নেতৃত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির এক নেতা বলেন, "হ্যাঁ, মুশাররফকে অভিশংসন করতে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।"
তিনি জানান, অভিশংসন প্রক্রিয়া শুরু করতে আগামী সপ্তাহে পার্লামেন্টে নিম্নকক্ষের অধিবেশন ডাকা হতে পারে। কিন্তু পার্লামেন্ট অভিশংসনের উদ্যোগ নেওয়ার আগেই মুশাররফের কয়েকজন মিত্র তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং তিনি তা না করলে তার বিরুদ্ধে ভোট দেবেন বলে হুমকি দিয়েছেন।
মুশাররফের প্রধান মিত্রদল পাকিস্তান মুসলিম লীগ কায়েদে আজম (পিএমএল-কিউ) এর এমপি সদর বাহাদুর খান রয়টার্সকে বলেছেন, "আমি প্রেসিডেন্টকে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া এবং দেশকে আরও মেরুকরণের হাত থেকে বাঁচানোর জন্য পদত্যাগের পরামর্শ দিয়েছি।"
"তিনি পদত্যাগ না করলে আমি তার অভিশংসনের পক্ষে ভোট দেব।"
মুশাররফের আরেক ঘনিষ্ঠ মিত্র বলেছেন, "পার্লামেন্ট অভিশংসনের উদ্যোগ নেওয়ার আগেই সম্ভবত তিনি পদত্যাগ করবেন।"
তিনি বলেন, "একটি সুরাহা হবে বলেই আমি মনে করি।" তার আরেক মিত্র শিক্ষামন্ত্রী আহসান ইকবালও রয়টার্সকে বলেন, "আমি মনে করি তিনি পদত্যাগ করবেন। কারণ, অভিশংসনের মুখে পড়া তিনিই প্রথম প্রেসিডেন্ট।"
মুশাররফরে বিরুদ্ধে এই পদক্ষেপে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক এই অনিশ্চয়তার কারণে দেশের শেয়ার বাজার ইতোমধ্যে গত ২৩ মাসের মধ্যে সর্ব নিম্নে পৌঁছেছে। এছাড়া, পাকিস্তানি মূদ্রা রুপির দাম গত জুলাইয়ের প্রথম দিকে সর্বকালের নিম্নে পৌঁছায়।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ।
সাবেক সেনাপ্রধানের এ ধরণের লজ্জাজনক বিদায়ের ব্যবস্থায় সেনা বাহিনীর মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫৪ ঘ.
bdnews24