পশ্চিম তীর, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - বিখ্যাত ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ফিলিস্তিনি কবিদের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত এবং তার মাতৃভূমির 'জাতীয় কবি' হিসেবে বিবেচিত মাহমুদ দারবিশ।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি ওপেন হার্ট সার্জারি করা হয় দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগতে থাকা এই কবির। কিন্তু ওই অস্ত্রোপচারের পরও জটিলতায় ভুগছিলেন তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
১৯৪১ সালের ১৩ মার্চ হাইফার কাছে ফিলিস্তিনি গ্রাম আল-বিরওয়া'তে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৮ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে তার পুরো গ্রাম ধ্বংসস্তুপে পরিণত হয়। ক্ষুরধার লেখনী ও গভীর পর্যবেক্ষণশক্তির অধিকারী এই কবি পুরো মধ্যপ্রাচ্য ও পশ্চিমে ফিলিস্তিনি সাংস্কৃতিক আন্দোলনের প্রতীকে পরিণত হন দারবিশ।
তার লেখনী এবং রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের বিষয়ে উচ্চকন্ঠ এই কবি ইসরায়েলি দখলদারিত্বের তীব্র বিরোধিতার পাশাপাশি তিনি সবসময়ই ফিলিস্তিনি রাজনীতির দ্বিধাবিভক্তির কঠোর সমালোচনা করে গেছেন।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে ১৯৮৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাপত্রটি ছিল কবি মাহমুদ দারবিশের লেখা। জনপ্রিয় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত বিশাল এক রাজনৈতিক সমাবেশে একতরফা ওই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন।
যৌবনেই 'পিএলও' বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে যোগ দিয়ে স্বাধীনতার যুদ্ধে সক্রিয় ছিলেন তিনি। কিন্তু ১৯৯৩ সালে ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে অর্ন্তবর্তী শান্তি চুক্তি স্বাক্ষর করায় পিএলও থেকে পদত্যাগ করেন তিনি। ১৯৯৬ সালে পশ্চিমতীরে গিয়ে সেখানে বসবাস শুরু করেন দরবিশ।
১৯৬০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ 'পাখহীন পাখি' (উইংলেস বার্ড) প্রকাশের মধ্য দিয়ে আরব সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন তিনি। প্রায় অর্ধশত কাব্যগ্রন্থের পাশাপাশি বেশ কিছু গল্প এবং স্মৃতিচারণ ও আত্মজীবনীমূলক রচনাও রয়েছে তার।
১৯৬৯ সালে আফ্রো-এশীয় লেখক শিবিরের 'দ্য লোটাস প্রাইজ', ১৯৮৩ সালে রাশিয়ার 'লেনিন পিস প্রাইজ' এবং ১৯৯৩ সালে ফ্রান্সের 'দ্য নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস এন্ড লেটারস'সহ বেশ কয়েকটি পুরস্কারেও ভূষিত হয়েছেন মাহমুদ দারবিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৪৫ ঘ.
bdnews24