ইসলামাবাদ, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অভিশংসন এড়াতে সরকার ভেঙে দেবেন না পকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। তার এক পুরানো রাজনৈতিক সহযোগী শনিবার এ কথা জানিয়েছেন।
মুশাররফকে অভিশংসন করতে গত বৃহস্পতিবার নীতিগতভাবে একমত হয় ক্ষমতাসীন জোটের মিত্ররা। পিপিপি নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়।
এরপর থেকে আশঙ্কা করা হচেছ অভিশংসন এড়াতে প্রেসিডেন্টের ক্ষমাত প্রয়োগ করে সরকার ভেঙে দিতে পারেন মুশাররফ। তবে তিনি মনে হয় সে কাজ করবেন না। আগামী সোমবার তিনি সংসদ অধিবেশন আহ্বান করেছেন। যেখানে সরকার তাকে অভিশংসন করার পদক্ষেপ নিতে পারে।
শনিবার মুশাররফের সঙ্গে সাক্ষাত করে রাজনীতিবীদ চৌধুরী সুজাত হোসেন এক্সপ্রেস টেলিভিশন চ্যানেলকে বলেন, "সরকার ভেঙে দেওয়ার ইচ্ছা তার নেই।"
গত ফেব্র"য়ারির নির্বাচনে পরাজয়ের পর মুশাররফপন্থি রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান সুজাত হোসেন।
প্রেসিডেন্ট মুশাররফকে অভিশংসনে ক্ষমতাসীন জোটের শরিকদের মতৈক্যের পরপরই বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বৈঠকে বসেন সেনা কমান্ডাররা। সবাই তাকিয়ে ছিল এই বৈঠকের দিকে। তবে দুই দিনের বৈঠক শেষে শুক্রবার সেনাকমান্ডাররা রাজনৈতিক বিষয়ে কিছু বলেননি। তারপরও বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট মুশাররফের ভাগ্য এখন সেনাপ্রধান আশফাক কায়ানির হাতে ঝুলে আছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি মুশাররফ। যে কারনে সবাই আশা করেছিল সেনা কমান্ডারদের বৈঠক থেকে হয়তো কোনো ইঙ্গিত আসতে পারে।
তারপরও ওয়াশিংটন ভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশনের লিসা কার্টিস গত শুক্রবার এক মন্তব্য প্রতিবেদনে লিখেছেন, "প্রেসিডেন্ট মুশাররফের ভাগ্য এখন নির্ভর করছে সেনাপ্রধান আশফাক কিয়ানির ওপর।"
এদিকে দেশকে আরও রাজনৈতিক বিশৃঙ্খলার মুখে না ফেলে বরং পদত্যাগের মধ্য দিয়ে মুশাররফকে নীরবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পত্র-পত্রিকাগুলো।
প্রভাবশালী 'জং মিডিয়া' গ্র"পের ইংরেজি ভাষার 'দ্য নিউজ' পত্রিকা গত শুক্রবার লিখেছে, "আমাদের সবার স্বার্থে আপনার মর্যাদা রক্ষা করুন এবং নীরবে বিদায় নিন।"
বহুল প্রচারিত উর্দু ভাষার দৈনিক 'নাওয়া- ই-ওয়াত' একই দিন লিখেছে, "দেশের স্বার্থে কিংবা নিজের সম্মান রক্ষার্থে পদত্যাগ করবেন তেমন মানুষ নন মুশাররফ। পদত্যাগ করতে চাইলে তিনি ১৮ ফেব্র"য়ারির নির্বাচনের পরপরই তা করতে পারতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ ঘ.
bdnews24