দারেস সালাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনা অভ্যুত্থানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ায় মৌরিতানিয়ার সদস্যপদ স্থগিত করবে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এইউ'র সভাপতি দেশ তানজানিয়া শনিবার একথা জানিয়েছে।
প্রেসিডেন্ট সিদি মোহাম্মদ আল আওল শেখ আবদুল্লাহীকে ক্ষমতাচ্যুত করে গত বুধবার মৌরিতানিয়ার ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভ্যুত্থানে নেতৃত্ব দেয় প্রেসিডেন্ট গার্ড বাহিনী।
সেনাবাহিনী অভিযোগ করেছে প্রেসিডেন্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরখাস্ত করার চেষ্টা করছিলেন। ১৯৭৪ সালের স্বাধীনতার পর তিনিই ছিলেন মৌরিতানিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।
এইউ এর পক্ষ থেকে এক বিবৃতিতে তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বার্নাড মেম্বি জানিয়েছেন, "সাংবিধানিক সরকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মৌরিতানিয়ার সদস্যপদ স্থগিত করবে এইউ।"
বিবৃতিতে তিনি জানিয়েছেন, মৌরিতানিয়া এ পর্যন্ত এইউ'র একাধিক এমন সব সনদে স্বাক্ষর করেছে যেখানে সরকারে অসাংবিধানিক পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে গত মাসে তারা 'আফ্রিকান চার্টার ফর ডেমোক্র্যাসি, ইলেকশন অ্যান্ড গভর্ননেন্স' শীর্ষক একটি সনদে স্বাক্ষর করেছে।
মৌরিতানিয়ার নতুন নেতা প্রেসিডেন্ট গার্ডের প্রধান মোহাম্মদ আওল আব্দুল আজিজ গত শুক্রবার জানিয়েছেন, নতুন নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনার জন্য তিনি একটি নতুন সরকার নিয়োগ দেবেন।
স
bdnews24