হারারে, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের সংকট সমাধানে ক্ষমতাসীন দল ও বিরোধীদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে শনিবার দাবি করেছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের এক মুখপাত্র। তবে খুব শিগগির ক্ষমতা ভাগাভাগির চুক্তি হতে যাচ্ছে কিনা সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
আলোচনায় মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবে এমবেকি শনিবার হারারে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন। এ কারণে আশা করা হচ্ছে খুব শিগগির হয়তো জিম্বাবুয়ের বিরোধী দুই পক্ষের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি হতে পারে।
প্রেসিডেন্ট মুগাবের মুখপাত্র জর্জ চারাম্বা রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, "দুই পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।" তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
সংকট সমাধানে প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকায় দুই সপ্তাহ আগে আলোচনায় বসে জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) ঊর্ধ্বতন নেতারা।
দক্ষিণ আফ্রিকার 'বিজনেস ডে' পত্রিকা জানিয়েছে, ক্ষমতা ভাগাভাগির চুক্তি চূড়ান্ত করতে মুগাবে ও স্যাঙ্গেরাই রোববার হারারেতে এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে পারেন।
পত্রিকাটি জানিয়েছে, এখনো পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ইস্যু অমিমাংসিত রয়ে গেলেও মুগাবে ও স্যাঙ্গেরাইয়ের মধ্যে দূরত্ব অনেক কমে এসেছে।
মুগাবে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে এবং তা সঠিক পথেই এগুচেছ। তবে উভয়পক্ষের মধ্যে একটি খসড়া চুক্তি হয়েছে বলে গণমাধ্যম যে খবর প্রচার করেছে তিনি তা অস্বীকার করেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল খসড়া চুক্তি অনুযায়ী স্যাঙ্গেরাই প্রধানমন্ত্রী এবং মুগাবে আনুষ্ঠানিক প্রেসিডেন্ট হিসেবে দেশ চালাবেন।
গত ২৯ মার্চ প্রথম দফা নির্বাচনে স্যাঙ্গেরাই বিজীয় হন। কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি, এই অজুহাত দেখিয়ে দ্বিতীয় দফা নির্বাচনের আয়োজন করেন মুগাবে।
দ্বিতীয় দফায় নির্বাচনের কয়েক দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্যাঙ্গেরাই সরে দাঁড়ানোর পর নির্বাচন স্থগিত করার জন্য মুগাবেকে চাপ দিতে থাকে আন্তর্জাতিক স
bdnews24