অটোয়া, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে-তে বন্দি এক কানাডীয় নাগরিকের আইনজীবী। প্রধানমন্ত্রী হিসেবে গুয়ান্তানামো থেকে ওই বন্দিকে দেশে ফিরিয়ে নিতে তিনি কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন না - এ অভিযোগে শুক্রবার হার্পারের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।
ওমর খদর (২১) নামের ওই বন্দিকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করে আসছেন প্রধানমন্ত্রী হার্পার।
২০০২ সালে এক মার্কিন সেনাকে হত্যার অভিযোগে ওমরকে আফগানিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। আগামী অক্টোবরে তার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
কিন্তু, সমালোচকরা বলছেন, বিষয়টিকে শিশু অপরাধ হিসেবে বিবেচনা করে ওমরকে শাস্তি না দিয়ে তাকে সাহায্য করা উচিত। তবে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, ওমরের বিরুদ্ধে অভিযোগ গুরুতর।
ওদিকে, মার্কিন সামরিক আদালতে ওমরের বিচার শুরু হওয়ার আগেই তাকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী হার্পারকে নির্দেশ দেওয়ার জন্য কানাডার ফেডারেল কোর্টে আবেদন জানানো হয়েছে ওই মামলায়।
যুক্তরাষ্ট্রের সামরিক ট্রাইবুনালে ওমরের পক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবী মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট উইলিয়াম কুয়েবলার টেলিফোনে রয়টার্সকে জানান, "আমরা প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারকে সঠিক কাজটি করার এবং একজন কানাডীয় নাগরিকের অধিকার রক্ষায় অবস্থান নেওয়ার আবেদন করেছি।"
তিনি আরও বলেন, "যদি কানাডীয় আদালত থেকে তাকে সরাসরি এমনটি করতে বলা হত আমার মনে হয় না তিনি 'চলে যাও' বলতে পারতেন "।
তবে প্রধানমন্ত্রী হার্পারের প্রধান মুখপাত্র কোরি টেনেইকি রয়টার্সকে বলেন, "ওমর খদরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই অভিযোগ মোকাবেলা করতে হবে, রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নয় এবং অবশ্যই তা গণমাধ্যমের সাহায্যে নয়।"
২০০৩ সালে গুয়ান্তানামোর মার্কিন সামরিক কারাগারে ওমরকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও চিত্র গত মাসে প্রকাশিত হয়েছে। ওই ভিডিও চিত্রটিতে দেখা গেছে একজন কিশোর কাঁদছে এবং তার 'মা' কে ডাকছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৭২৫ ঘ.
bdnews24