২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার রক্ষায় চীনকে আরও বেশি কিছু করতে হবে: রাড

নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করতে চীনকে আরও বেশি কিছু করতে হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড। তবে তিনি স্বীকার করেছেন, গত ২৫ বছরে এক্ষেত্রে চীন অনেক উন্নতি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করতে চীনকে আরও বেশি কিছু করতে হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড। তবে তিনি স্বীকার করেছেন, গত ২৫ বছরে এক্ষেত্রে চীন অনেক উন্নতি করেছে। বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে শুক্রবার রাডের ৪৫ মিনিটব্যাপী বৈঠকে তিব্বত সমস্যা, ইন্টারনেট বিধি-নিষেধ ও ধর্মীয় স্বাধীনতা থেকে শুরু করে মানবাধিকারের বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাড মনে করেন, মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য পশ্চিমা ধারায় চাপ দিয়ে চীনে কোনও পরিবর্তন ঘটানো সম্ভব নয়। তার চেয়ে বরং এক্ষেত্রে নমনীয় নীতি কাজে আসবে। প্রধানমন্ত্রী রাড জানান, চীনে গত পঁচিশ বছরে নাগরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিক দিয়ে অনেক বড় পরিবর্তন এসেছে। পঁচিশ বছর আগে তিনি যখন বেইজিংয়ে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন পরিস্থিতি তার থেকে সম্পূর্ণ ভিন্ন বলে তিনি জানান। তিনি বলেন, "তারপরও কি পূর্ণ নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়েছে? না, তা অবশ্যই হয়নি। তবে একথা স্বীকার করতে হবে অনেক ক্ষেত্রেই পরিবর্তন এসেছে।" রাড গত বছর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে অস্ট্রেলিয়া। চীন অস্ট্রেলিয়ার অন্যতম ব্যবসায়িক অংশীদার এবং তাদের বিকাশমান বৃহৎ অর্থনীতিকে আরও বেগবান করতে তারা অস্ট্রেলিয়ার সম্পদ ব্যবহারে আগ্রহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.