মিয়ামি, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামাকে হত্যার হুমকি দেওয়ায় বৃহস্পতিবার ফ্লোরিডায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নাম রেমন্ড হান্টার জেইসেল। জেইসেল নিজেকে মানসিক ব্যাধিগ্রস্ত দাবি করলেও মিয়ামির গোয়েন্দা বিভাগ তাকে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় আটক করে।
'জামিন বন্ড' বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া হান্টার জেইসেল সবার সামনে বুশ এবং ওবামাকে হত্যার হুমকি দেওয়ার পর গ্রেপ্তার হয়। ফেডারেল কোর্ট একথা বলেছে।
গোয়েন্দা বিভাগের একটি হলফনামায় বলা হয়েছে, জেইসেল হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে পরে এক মন্তব্যে জেইসেল বলেন, ওবামাকে মারতে চাইলে একটি স্নিপার রাইফেল দিয়ে তাকে মারতে চান--- একথা কৌতুক করেই বলেছেন তিনি।
অন্যদিকে, অজ্ঞাতপরিচয় এক নারী প্রতক্ষদর্শী তদন্তকারীদের বলেছেন, জেইসেল ২৫ থেকে ২৮ জুলাইয়ের প্রশিক্ষণ কোর্স চলাকালে বলেছিলেন, "ওবামা নির্বাচিত হলে আমি নিজে তাকে হত্যা করব।" ওবামা নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এক হোটেলে তিনি জেইসেলকে বলতে শুনেছেন যে, সে বুশকে ঘৃণা করে এবং তার মাথায় গুলি করতে চায়।
জেইসেলের গাড়ি ও হোটেল কক্ষ থেকে পুলিশ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। 'জামিন বন্ড' প্রশিক্ষণ চলাকালে জেইসেল ওই হোটেল কক্ষে ছিলেন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযান চলার এই সময়ে সরকারি কর্মকর্তারা কিংবা রাজনৈতিক প্রার্থীরা আরও কোনও হুমকি পাচ্ছে কিনা সে সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন গোয়েন্দা বিভাগের মুখপাত্র এড দোনোভান। তবে তিনি বলেন, বুশ ও ওবামাকে হত্যার হুমকি দেওয়ার দায়ে চলমান সময়ে এটিই সম্ভবত প্রথম গ্রেপ্তারের ঘটনা।
আদালতের নথিপত্রে বলা হয়েছে, ব্যাঙ্গরের অধিবাসী জেইসেল নিজেকে মানসিক ব্যাধিগ্রস্ত বলে বর্ণনা করেছেন। অল্প বয়স থেকেই তিনি মানসিক ট্রমায় আক্রান্ত এবং ব্যাঙ্গরের মানসিক স্বাস্থ্যকেন্দ্রে তিনি নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১৯ঘ.
bdnews24