২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ভেঙে দেওয়ার ব্যাপারে মুশাররফকে জারদারির সতর্কতা

সরকার ভেঙে দেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে বৃহস্পতিবার আগাম সতর্ক করে দিয়েছেন দেশটির ক্ষমতাসীন জোটের প্রধান ও পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলী জারদারি। মুশাররফকে অভিশংসনের বিষয়ে জোটের শরিকদের সিদ্ধান্তের পরপরই তিনি এই সতর্কবাণী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ইসলামাবাদ, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকার ভেঙে দেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে বৃহস্পতিবার আগাম সতর্ক করে দিয়েছেন দেশটির ক্ষমতাসীন জোটের প্রধান ও পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলী জারদারি। মুশাররফকে অভিশংসনের বিষয়ে জোটের শরিকদের সিদ্ধান্তের পরপরই তিনি এই সতর্কবাণী জানিয়েছেন। মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে এর আগে নীতিগতভাবে একমত হয় ক্ষমতাসীন জোটের মিত্ররা। পিপিপি নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। এরপর এক সংবাদ সম্মেলনে জারদারি বলেন, "মুশাররফ যদি সরকার ভেঙে দেন তাহলে পাকিস্তান, পাকিস্তানের মানুষ এবং পাকিস্তানের মানুষের ইচ্ছের বিরুদ্ধে এটাই হবে তার শেষ রায়।" তিনি আরও বলেন, "গণতন্ত্র এখনো এতটা দুর্বল নয় যে.. .. ইচ্ছা করলেই সরকার ভেঙে দেওয়া যাবে।" জাতীয় পরিষদের আগামী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন জোট সরকারের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, "আগামী ১১ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন ডাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি।" জোট সরকারের নেতৃত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির এক নেতা বলেন, "হ্যাঁ, মুশাররফকে অভিশংসন করতে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।" তিনি জানান, অভিশংসন প্রক্রিয়া শুরু করতে আগামী সপ্তাহে পার্লামেন্টের নিম্ন কক্ষের অধিবেশন ডাকা হতে পারে। তবে মুশাররফরে বিরুদ্ধে এই পদক্ষেপে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক এই অনিশ্চয়তার কারনে দেশের শেয়ার বাজার ইতোমধ্যে গত ২৩ মাসের মধ্যে সর্ব নিম্নে পৌঁছেছে। এছাড়া পাকিস্তানি মূদ্রা রুপির দাম গত জুলাইয়ের প্রথম দিকে সর্বকালের নিম্নে পৌঁছায়। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ। সাবেক সেনাপ্রধানের এ ধরণের লজ্জাজনক বিদায়ের ব্যবস্থায় সেনা বাহিনীর মধ্যে চরম বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। সেনা কমান্ডাররা বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। যদিও এই বৈঠককে নিয়মিত বৈঠকের অংশ বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৫ .