২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ গঠন

মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠন করা হয়েছে। তবে আদালতে পরবর্তী হাজিরার দিন ১০ সেপ্টেম্বর পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন তিনি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

কুয়ালা লামপুর, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠন করা হয়েছে। তবে আদালতে পরবর্তী হাজিরার দিন ১০ সেপ্টেম্বর পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন তিনি । আগামী ২৬ আগস্ট একটি উপনির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট সদস্য হওয়ার চেষ্টা করছেন আনোয়ার। নির্বাচনের আগে তার বিরুদ্ধে এ অভিযোগ গঠনের ফলে আনোয়ারের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জামিনে মুক্ত থাকার ফলে ওই উপনির্বাচনে অংশগ্রহণ করার অনুমোদন পেয়েছেন আনোয়ার। মালয়েশিয়ার সাবেক এই উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার ২৩ বছর বয়সী সহকারির সঙ্গে সমকামিতার অভিযোগ গঠন করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আনোয়ার এবং তার সমর্থকরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে এবং নির্বাচিত হয়ে আনোয়ারের পার্লামেন্টে ফিরে আসা ঠেকাতে তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়েছে। পেনাং এর পারমাতাং পুয়াহ আসনের উপনির্বাচনে তিনি জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্চ মাসের নির্বাচনে ওই আসনটিতে জয়ী হওয়া তার স্ত্রী আজিজাহ পার্লামেন্ট থেকে পদত্যাগ করায় এ উপনির্বাচনের সুযোগ সৃষ্টি হয়। পার্লামেন্টে যাওয়ার মধ্য দিয়ে পুনরায় মালয়েশিয়ার রাজনীতিতে ফিরে আসার জন্য এই চেষ্টা চালাচ্ছেন তিনি। স্ত্রী ও মেয়েদের সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিতে আসেন আনোয়ার ইব্রাহিম। হাজিরা শেষে আদালতের বাইরে থাকা সাংবাদিকদের তিনি বলেন, "আমি আদালতের এ সিদ্ধান্তে সন্তুষ্ট (জামিনের সিদ্ধান্তে)। আমি প্রচারাভিযান নিয়ে সামনে এগিয়ে যাব।" এ সময় পুলিশ চারদিক থেকে আদালত প্রাঙ্গণ ঘিরে রাখে এবং আদালতের বাইরে থাকা আনোয়ার ইব্রাহিমের শ'খানেক সমর্থক "আনোয়ার দীর্ঘজীবী হোক" বলে স্লোগান দেয়। ওদিকে, মালয়েশিয়ার বিরোধীদলীয় জোট 'পিপল'স অ্যালায়েন্স' বৃহস্পতিবার জানিয়েছে, উপনির্বাচনে আনোয়ার ইব্রাহিম জয়ী হলে তাকে আনুষ্ঠানিকভাবে জোট প্রধান হিসেবে ঘোষণা করা হবে। মালয়েশিয়ার সাবেক এই উপ-প্রধানমন্ত্রীকে ১৯৯৮ সালে দুর্নীতি এবং সমকামিতার অভিযোগে বরখাস্ত করেন এবং জেলে পাঠান তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পরে ২০০৪ সালের সেপ্টেম্বরে আনোয়ার জেল থেকে মুক্তি পান। কিন্তু দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার ফলে ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত কোনও নির্বাচনে অংশ নিতে পারেননি আনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৫০ ঘ.