সান ফ্রান্সিসকো, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভাতে যাওয়ার সময় মঙ্গলবার দমকল কর্মীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরোহীদের মধ্যে ৯ জনই নিহত হয়েছেন। অপর চার আরোহী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ - 'এফএএ' এর মুখপাত্র আইয়ান গ্রেগর এক টেলিফোন বার্তায় (ধারণকৃত) জানান, মঙ্গলবার বিকেলে রেডিং থেকে ৩৫ মাইল উত্তর-পশ্চিমে একটি দুর্গম এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তিনি জানান, হেলিকপ্টারে দুইজন ক্রু এবং ১১ জন দমকল কর্মী ছিল। তবে কপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
তিনি আরও জানিয়েছেন, এফএএ এবং 'জাতীয় পরিবহন নিরাপত্তা বিভাগ' এর অনুসন্ধানকারী বোর্ড ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়ে গেছেন।
রেডিং হাসপাতালের মুখপাত্র মাইকেল বার্ক জানান, অগ্নিদগ্ধ চারজনকে প্রথমে 'মার্সি মেডিকেল সেন্টার রেডিং' এ নেওয়া হয় এবং পরে সেখান থেকে তিনজনকে ক্যালিফোর্নিয়ার ডেভিসে 'ইউসি মেডিকেল সেন্টার' এ নিয়ে যাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২০৩ ঘ.
bdnews24