নাউয়াকোট, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মৌরিতানিয়ার প্রেসিডেন্ট সিদি মোহাম্মদ আল আওল শেখ আবদুল্লাহী কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করার পর বুধবার অভ্যুত্থান ঘটিয়েছে সেনাবাহিনী। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনকেই ধরে নিয়ে গেছে গার্ডবাহিনীর সেনারা। তারা প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উৎখাতেরও হুমকি দিয়েছে।
মৌরিতানিয়ার কেবিনেটে অনাস্থা ভোটের পরই দেশটিতে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল্লাহী তার গার্ডবাহিনীর প্রধানসহ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর পরই সেনারা তার বাসভবন ঘেরাও করে।
প্রেসিডেন্টের গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহাম্মদ আওল আব্দুল আজিজের নেতৃত্বে সেনারা অভ্যুত্থান ঘটায়। এরপর আরব টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আজিজ জানান, "আবদুল্লাহী এখন সাবেক প্রেসিডেন্ট। তিনি সেনাবাহিনীর প্রধানসহ অন্যান্য সেনা কর্মকর্তাদের বরখাস্ত করার ডিক্রি বাতিল করেছেন।"
আবদুল্লাহী গত বছর নির্বাচনে জিতে সামরিক জান্তার কাছ থেকে শাসনভার নেন। ২০০৫ সালে মৌরিতানিয়ায় রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মায়ুয়া আওল সিদ আহমেদ তায়া উৎখাত হওয়ার পর থেকে জান্তা সরকারই দেশটির ক্ষমতায় ছিল।
প্রেসিডেন্ট আবদুল্লাহীর মেয়ে জানান, "প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ব্যাটেলিয়ন (বিএএসইপি) এর নিরাপত্তাকর্মীরা আমাদের বাড়িতে ঢুকে বাবাকে ধরে নিয়ে যায়।"
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। তারা কোথায় আছেন তা কেউ জানে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৯ঘ.
bdnews24