সউল, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার বলেছেন, উত্তর কোরিয়া এখনও 'শয়তানের অক্ষচক্রের' সদস্যদেশ। একইসঙ্গে তিনি বলেন, একদিন এই চক্রের সদস্যদের নামের তালিকা শূন্য হয়ে যাবে।
২০০২ সালে মার্কিন কংগ্রেসে 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণে উত্তর কোরিয়া, ইরান ও ইরাককে একত্রে 'শয়তানের অক্ষচক্র' হিসেবে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট বুশ। এরপর বহুবার বিষয়টি উচ্চারিত হয় এবং বিশ্বজুড়ে রাজনীতিবিদ ও গণমাধ্যমে বহুলভাবে তা আলোচিত-সমালোচিত হয়।
প্রেসিডেন্ট বুশের দাবি ছিল এই তিনটি দেশ গণবিধ্বংসী মারণাস্ত্র অর্জনের চেষ্টা করছে এবং তা দিয়ে তারা যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা চালাতে পারে কিংবা যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারে।
কিন্তু ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী মারণাস্ত্র পাওয়া যাওয়ার নিশ্চিত গোয়েন্দা তথ্য ও প্রমাণ পাওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালালেও সেখানে পরমাণু অস্ত্র বা তেমন কোনো কিছুই পাওয়া যায়নি। তবে ওই আগ্রাসনের মধ্য দিয়ে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতের পর দেশটিকে ওই তথাকথিত 'শয়তানের অক্ষ চক্রের' তালিকা থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওই তালিকায় এখন শীর্ষে রয়েছে ইরান। বুশ ও তার মিত্রদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে দেশটি। অবশ্য তেহরান বলছে, তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণ এবং তা কেবল জ্বালানি সক্ষমতা অর্জনের লক্ষ্যেই পরিচালিত। তেহরানকে ওই কর্মসূচি থেকে বিরত রাখতে এ পর্যন্ত ইরানের ওপর তিন দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।
ওদিকে, ছয়জাতি চুক্তি অনুসারে কোরিয়া তার পরমাণু কর্মসূচি বন্ধ করলেও এখনও পরমাণু কর্মসূচি এবং সরঞ্জামাদির বিশদ তালিকা হস্তান্তর করেনি। তাছাড়া উত্তর কোরিয়ার উচ্চামাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন কর্মসূচি এখনও পুরিপূর্ণভাবে যাচাই করার কাজ বাকী।
বুশ বলেন, "অক্ষচক্রের তালিকা থেকে বেরিয়ে আসতে হলে উত্তর কোরিয়ার নেতাকে অবশ্যই সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে।" তবে একইসঙ্গে উত্তর কোরিয়ার 'কুলিং রিঅ্যাক্টর' স্থাপনা বন্ধ করাকে 'ইতিবাচক পদক্ষেপ' বলে অভিহিত করেছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্ট লি মাইয়ুং বাক এর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বুশ আরও বলেন, "আমার আশা একদিন 'শয়তানের অক্ষচক্রের' এ তালিকা আর থাকবে না"।
বুশ বলেন, "আমার এ আশা শান্তির জন্য। আমার এ আশা শিশুদের মঙ্গলের জন্য"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24