২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিশংসনের ভয়ে চীন সফর বাতিল করলেন মুশাররফ

সম্ভাব্য অভিশংসন এড়াতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বুধবার পূর্ব নির্ধারিত চীন সফর বাতিল করেছেন বলে ধারণা করা হচ্ছে। বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তার চীনে যাওয়ার কথা ছিল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 06:26 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ইসলামাবাদ, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সম্ভাব্য অভিশংসন এড়াতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বুধবার পূর্ব নির্ধারিত চীন সফর বাতিল করেছেন বলে ধারণা করা হচ্ছে। বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তার চীনে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার ক্ষমতাসীন জোটের দুই শীর্ষ নেতা আসিফ আলি জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে মুশাররফকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ সিদ্ধান্ত নিলেন। পাকিস্তানি কর্মকর্তারা একথা জানিয়েছেন। পাকিস্তানের নতুন জোট সরকারের প্রধান দুই নেতা মঙ্গলবারের ওই বৈঠকে মুশারফের অভিশংসন, বরখাস্ত বিচারকদের স্বপদে পুনর্বহাল এবং জোটে ভাঙ্গন সৃষ্টিকারি ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন। জারদারির এক মুখপাত্র বৈঠকের পর রয়টার্সকে বলেছেন, দুই নেতা অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছেছেন এবং আরও বিশদ আলোচনার জন্য বুধবারও আবার বৈঠকে মিলিত হবেন তারা। বৈঠকে নওয়াজ শরীফ প্রেসিডেন্ট মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর প্রস্তাব পেশ করেন। কিন্তু পিপিপি নেতা জারদারি সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক এড়াতে এখন পর্যন্ত মুশাররফের সঙ্গে সরাসরি বিরোধে জড়াতে চাননি নিজেকে। বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান এবং চীনা নেতাদের সঙ্গে বৈঠকের জন্য বুধবার চীনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহম্মাদ সাদিক মুশাররফের চীন সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রেসিডেন্টের মুখপাত্রের কাছে থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায় নি। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ক্ষমতার লড়াইয়ের ভারসাম্য টিকিয়ে রাখতে চীন-পাকিস্তান সম্পর্ককে পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে। তাই উৎসবমুখর চীনে পাকিস্তানি প্রেসিডেন্টের সফর বাতিলকে একটি অস্বাভাবিক বিষয় হিসেবে দেখা হচ্ছে। ফেব্র"য়ারির নির্বাচনে মুশাররফের ভরাডুবির মধ্য দিয়ে নতুন এই বেসামরিক জোট সরকার গঠিত হয়। তবে পদত্যাগের জন্য মুশররফকে বারবার চাপ দেওয়া হলেও তিনি বেসামরিক সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪১৫ ঘ.