২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্ন-আয়ের কর্মজীবীদের কাছে জনপ্রিয় ওবামা: জরিপ

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা নিম্ন আয়ের কর্মজীবীদের কাছে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে জনপ্রিয়। ওয়াশিংটন পোস্ট, কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক যৌথ জরিপের ফলে সোমবার একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ওয়াশিংটন, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা নিম্ন আয়ের কর্মজীবীদের কাছে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে জনপ্রিয়। ওয়াশিংটন পোস্ট, কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক যৌথ জরিপের ফলে সোমবার একথা বলা হয়েছে। নিম্ন আয়ের কর্মজীবীদের মধ্যে ওবামার এ জনপ্রিয়তার অন্যতম কারণ এ স্তরের কর্মজীবী আফ্রিকান আমেরিকান এবং হিস্পানিকদের মধ্যে ওবামার প্রতি প্রায় নিরঙ্কুশ সমর্থন। তবে শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যেও ম্যাককেইনের চেয়ে বেশি জনপ্রিয় ওবামা। এ স্তরের শ্বেতাঙ্গ ভোটারদের ৪৭ ভাগ ওবামা এবং ৩৭ ভাগ ম্যাককেইনকে সমর্থন করেন। তবে এদের মধ্যে প্রতি ছয়জনে একজন এখনও কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। তবে নিম্ন আয়ের এ কর্মজীবীদের বেশিরভাগই ৪ নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে খুব একটা আশাবাদী না। এসব শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ কিংবা হিস্পানিকদের বেশিরভাগই মনে করেন নির্বাচনে যে ই জিতুক না কেন তাতে তাদের ভাগ্যের খুব একটা পরিবর্তন হবে না। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ১৮ থেকে ৬৪ বছর বয়সী প্রায় ১,৩৫০ জন ভোটারের মধ্যে এ জরিপ চালানো হয়। যারা সপ্তাহে কমপে ৩০ ঘন্টা কাজ করেন এবং গত বছর ২৭,০০০ ডলারেরও কম আয় করেছেন এমন কর্মীদের মধ্যে দৈবচয়ন পদ্ধতিতে এদের বাছাই করা হয়। পত্রিকাটি জানায়, নিম্ন আয়ের কর্মজীবীদের এ স্তরটি যুক্তরাষ্ট্রের মোট প্রাপ্তবয়স্ক নাগরিকদের প্রায় এক চতুর্থাংশ এবং এদের বেশিরভাগই ওবামাকে তাদের প্রতি বেশি সহানুভূতিশীল ও তাদের মূল্যবোধের কাছাকাছি মনের মানুষ বলে মনে করেন। এ জরিপের ফল থেকে নিম্ন আয়ের কর্মজীবীদের সমর্থন আদায় করাকেই রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করছেন জনমত বিশ্লেষকরা। জরিপে দেখা যায়, এ স্তরের আফ্রিকান আমেরিকানদের ৯২ শতাংশই ওবামাকে সমর্থন করেন। হিস্পানিকদের মধ্যে এ হার ৪০ শতাংশ। ১৮ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে এ জরিপ চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.