ইসলামাবাদ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কে-টুতে তুষারধ্বসে ১১ পর্বতারোহী নিহত হয়েছে। নিখোঁজ তিনজনের দুই ডাচ পর্বতারোহীকে সোমবার উদ্ধারের পর ইতালীয় আরেক জীবীত পর্বতারোহীর সন্ধান পেয়েছে উদ্ধারকর্মীরা।
তাকে উদ্ধারের চেষ্টা চলছে। পাকিস্তানের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এবং এডভেঞ্চার ফাউন্ডেশনের মোহাম্মদ আকরাম বলেছেন, লোকজন অবিরাম ইতালীয় পর্বতারোহী মার্কো কনফোরতোলার নড়াচড়ার ওপর নজর রাখছে এবং তার ফিরে আসার জন্য প্রার্থনা করছে। প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়ার কারণে মার্কো নড়াচড়া কম করছেন এবং তার হাত ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তান কর্তৃপক্ষ বরফের চাঁই ভেঙে ১১ পর্বতারোহী নিহতের খবর নিশ্চিত করেছে। তবে বখেনও কেউ নিখোঁজ রয়ে যেতে পারে বলেও জানিয়েছে।
এর আগে পাকিস্তানের উত্তরাঞ্চলের প্রধান শহর গিলগিতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর ফারুক ফিরোজ বলেন, "চারজন ওলন্দাজ এবং দুইজন ইতালীয়সহ ছয়জনকে উদ্ধারের জন্য সেনা হলিকপ্টার পাঠানো হয়েছে।" তিনি আরও বলেন, "তারা পর্বতের ১৮ হাজার ফুট বা সাড়ে পাঁচ হাজার মিটার উচ্চতায় ভিন্ন ভিন্ন স্পটে গেছে।"
তুষারধ্বসে তিনজন দক্ষিণ কোরীয়, একজন সার্ব, একজন নরওয়েজিয়ান, একজন ওলন্দাজ, একজন ফরাসি এবং দুইজন নেপালি নাগরিক নিহত হয়েছে এবং অনেকে পর্বতটির দূর্গম জায়গায় আটকা পড়ে এবং অক্সিজেনের অভাবে ক্লান্ত হয়ে নুয়ে পড়ে।
পর্বতারোহীরা শুক্রবার কে-টু'র ৮৬১১ মিটার উঁচু চূড়ায় পৌঁছে। ফেরার পথে 'মৃত্যু কূপ' এর কাছে আসার পর তাদের ওপর বরফের চাঁই ধ্বসে পড়লে রাস্তাটি বন্ধ হয়ে যায়।
পাকিস্তান আলপাইন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল শের খান জানান, এক অভিজ্ঞ পাকিস্তানী পর্বতারোহণ সহকারিসহ নয় আন্তর্জাতিক পর্বতারোহী নিহত হয়েছে।
পর্বতারোহীদের জন্য কে-টু বিশ্বের সবচেয়ে দূর্গম এবং বিপদজ্জনক পর্বত ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৫১ ঘ.
bdnews24