২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামাস-ফাতাহ সংঘর্ষ, ৯জন নিহত

গাজায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ কর্মীদের সঙ্গে শনিবার হামাসের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে হামাসের ৩ পুলিশ সদস্যসহ ফাতাহর ৬ বন্দুকধারী নিহত হয়েছে। আহত হয়েছে হামাস-ফাতাহ'র কর্মী এবং ১৬ শিশুসহ অন্ততপক্ষে ৯৫ জন। প্রায় এক বছর আগে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 09:38 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

গাজা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ কর্মীদের সঙ্গে শনিবার হামাসের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে হামাসের ৩ পুলিশ সদস্যসহ ফাতাহর ৬ বন্দুকধারী নিহত হয়েছে। আহত হয়েছে হামাস-ফাতাহ'র কর্মী এবং ১৬ শিশুসহ অন্ততপক্ষে ৯৫ জন। প্রায় এক বছর আগে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এটি। গাজার শেজাইয়া উপশহরে হামাস অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। গত শুক্রবারে এক বোমা হামলায় একটি ছোট মেয়েসহ পাঁচ হামাস কর্মী নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ১১ ব্যক্তিকে আটক করতে ওই অভিযান চালায় হামাস। সন্দেহভাজনরা ফিলিস্তিনের হেল্লেস গোষ্ঠীর মানুষ। হামাসের পুলিশসহ অন্যান্য যোদ্ধারা এলাকাটি ঘিরে ফেললে সংঘর্ষ শুরু হয়। কিন্তু ব্যাপক হতাহতের পর ফাতাহ সমর্থকরা হামাসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অবশ্য হেল্লেস গোষ্ঠীর নেতা আহমেদ হেল্লেসসহ তার ১৭৯ অনুসারী গাজা-ইসরায়েল সীমান্ত পাড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ১৮০ ফিলিস্তিনিকে সীমান্ত পেরোনোর সুযোগ দিয়েছেন তারা। এদের মধ্যে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হামাসের বরখাস্ত হয়ে যাওয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সায়িদ সায়েম বলেছেন, শুক্রবারের বোমা হামলায় অভিযুক্ত ১১ সন্দেহভাজনের ৪ জনসহ বেশ কয়েকজনকে আটক করেছেন তারা। একইসঙ্গে তিনি বলেন, সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং ওই বোমা হামলাসহ এসবের সঙ্গে ফাতাহ জড়িত বলেও নিশ্চিত তারা। ফাতাহ ওই অভিযোগ অস্বীকার করেছে। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র ইহাব আল-ঘাসিন বলেছেন, "হেল্লেস গোষ্ঠীটি একটি সামরিক শক্তিতে পরিণত হয়েছে এবং তারা হামলা, মানুষজনকে অপহরণ এমনকি হত্যাও করছে। নিরপরাধ জনগণের ওপর তাদের এ হামলা বন্ধে আমদের অবশ্যই কার্যকর ব্যবস্থা নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.