কলম্বো, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সদস্য দেশগুলোকে সন্ত্রাস মোকাবেলায় যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সার্ক নেতারা। শ্রীলংকার রাজধানী কলম্বোয় শনিবার ১৫তম সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনেতারা এ আহ্বান জানান।
দুদিনের এ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ক যে চারটি ঘোষণার বিষয়ে একমত হয়েছে তার অন্যতম সন্ত্রাসবাদ মোকাবেলায় সদস্য দেশগুলোর মধ্যে আইনি সহযোগিতা শুরু করা।
সন্ত্রাস মোকাবেলা ছাড়াও সম্মেলনে অন্য যে বিষয়গুলি গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে আটটি সদস্য দেশে বসবাসকারী বিশ্বের এক পঞ্চমাংশ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণ এবং জলবায়ু পরিবর্তন রোধে কাজ করা।
উদ্বোধনী অধিবেশনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, "বৃহত্তর আঞ্চলিক সংহতি এবং বৃহত্তর অর্থনৈতিক সংহতির সম্ভাবনাকে উপলব্ধি করতে হলে আমাদেরকে অবশ্যই সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।"
এ অঞ্চলের উন্নতি হতে হলে অবশ্যই সন্ত্রাসবাদের হাত থেকে বহুত্ববাদিতার মূল্যবোধকে রক্ষা করতে হবে বলে আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের নেতরাও। একইসঙ্গে তারা বলেছেন, এ লড়াইয়ের সাফল্যের জন্য অবশ্যই একত্রে কাজ করতে হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও ভূটানকে নিয়ে প্রায় ২৩ বছর আগে 'সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন' বা সার্ক গঠন করা সংস্থাটির তার লক্ষ্য উদ্দেশ্যে খুব বেশিদূল অগ্রসর হতে পারেনি। গত সম্মেলনে অষ্টম সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান এ জোটে যোগ দেয়।
সার্ক সম্মেলন বা এর লক্ষ্য বাস্তবায়নে অনেক ক্ষেত্রেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০৫ ঘ.
bdnews24