ভিয়েনা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গভর্নররা শুক্রবার সর্বসম্মতিক্রমে ভারতের পরমাণু চুল্লি পরিদর্শনের বিষয়টি অনুমোদন দিয়েছেন। আইএইএ গভর্নরদের বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ঠ একটি কূটনৈতিক সূত্র এ কথা জানিয়েছে। এর ফলে ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তি চূড়ান্ত করার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হল।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি কার্যকর করার শর্ত হিসেবে ভারতের ২২টি পরমাণু চুল্লির মধ্যে ১৪টি পরিদর্শনের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসে আইএইএ এর বোর্ড অব গভর্নরস।
বৈঠকে পরিদর্শন পরিকল্পনা গৃহীত হওয়ায় পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারতকে এখন ৪৫ জাতি 'নিউক্লিয়ার সপ্লাই গ্র"প'র (এনএসজি) অনুমোদন পেতে হবে। তারপরও চুক্তিটি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।
ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি প্রশ্নে এনএসজির প্রথম বৈঠক আগামী ২১ কিংবা ২২ আগস্ট অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এনএসজি'এর সম্মতি আদায়ে ইতোমধ্যেই লবিং শুরু করেছে ওয়াশিংটন ও নয়াদিল্লি। নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগেই চুক্তিটি যথাসম্ভব এগিয়ে নিতে চাইছে দুপক্ষ।
ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর না করায় এবং ভবিষ্যতে আরও পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোয় বাধা না থাকায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের বিষয়টি বিতর্কিত। কিন্তু এই বিতর্কের মধ্যেও আইএইএ বোর্ড অব গভর্নরস চুক্তিটি এগিয়ে নেওয়ায় সহায়তা করতে ভারতের পরমাণু চুল্লি পরিদর্শনের বিষটিতে সম্মতি দিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৫ ঘ.
bdnews24