জেরুজালেম, আগস্ট, ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ঘুষ ও দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে শুক্রবার ৪র্থ বারের মতো জেরা করেছে পুলিশ। ওলমার্ট পদত্যাগের ঘোষণা দেওয়ার দুদিন পরই এই জেরার মুখোমুখি হলেন।
বৃহস্পতিবার ওলমার্ট জানান, সেপ্টেম্বরে তার দল কাদিমা পার্টির নতুন নেতা নির্বাচনের পরই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। তবে কোনও অপকর্ম করার কথা তিনি অস্বীকার করেছেন।
ঘুষ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ওলমার্ট পদত্যাগ করলে ইসরায়েলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং তাতে ডানপন্থী নেতা বেনজামিন নেতানিয়াহু জয়লাভ করতে পারেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জেরুজালেমের সরকারি বাসভবনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওলমার্ট বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি কাদিমা দলের প্রাইমারিতে আমি অংশ নেব না কিংবা নির্বাচনের বিষয়েও কোনো রকম আকাঙ্খা নেই আমার।"
ওলমার্ট বলেন, "যখন (কাদিমা দলের) একজন নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাবেন, তখন আমি প্রধানমন্ত্রীর পদ থকে সরে দাঁড়াব এবং তাদেরকে দ্রুততা ও কার্যকারিতার সঙ্গে নতুন সরকার গঠনের সুযোগ করে দেব"।
শীর্ষ উপদেষ্টারা বলছেন, ওলমার্ট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থেকে যেতে পারেন। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতেই তা করা হতে পারে। তবে রাজনীতিবিদরা বলছেন,ফিলিস্তিনের সঙ্গে কোনও চুক্তিবদ্ধ হওয়ার ম্যান্ডেট তার নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫১ঘ.
bdnews24