২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান

আফগানিস্তানের রাজধানী কাবুলের ভারতীয় দূতাবাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলায় সহায়তা করা সংক্রান্ত 'দ্য নিউ ইয়র্ক' টাইমসের প্রতিবেদন শুক্রবার ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ওই হামলা পরিকল্পনায় পাকিস্তানি গোয়েন্দারা সহায়তা করেছে বলে অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ইসলামাবাদ, আগস্ট, ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের রাজধানী কাবুলের ভারতীয় দূতাবাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলায় সহায়তা করা সংক্রান্ত 'দ্য নিউ ইয়র্ক' টাইমসের প্রতিবেদন শুক্রবার ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ওই হামলা পরিকল্পনায় পাকিস্তানি গোয়েন্দারা সহায়তা করেছে বলে অভিযোগ করেছে। এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাদিক বলেন, "আমরা এটি প্রত্যাখান করেছি। কেউই আমাদেরকে কোনও প্রমাণ দেয়নি। এর কোনও প্রমাণও নেই। এটি কেবলই একটি অভিযোগ।" সার্ক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে কলোম্বোয় অবস্থানরত সাদিক টেলিফোনে রয়টার্সকে একথা বলেন। 'নিউ ইয়র্ক টাইমস' বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আড়িপেতে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কাবুলের ভারতীয় দূতাবাসে হামলাকারী জঙ্গিদের মধ্যকার যোগাযোগ ধরতে পেরেছেন তারা। পত্রিকাটি বলেছে, পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা যে ওই অঞ্চলে জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সক্রিয়ভাবে ক্ষুন্ন করছেন এটাই তার অকাট্য প্রমাণ। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানায়, আদিবাসী অঞ্চলে আইএসআই'র সঙ্গে জঙ্গিদের যোগসাজশের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে সিআইএ'র এক শীর্ষ কর্মকর্তা পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মোকাবেলা করতে ইসলামাবাদ সফর করেছেন। ৭ জুলাই কাবুলে ভারতীয় দূতাবাসের ওই আত্মঘাতী বোমা হামলায় দুই ভারতীয় শীর্ষ কূটনীতিকসহ ৫৮ জন নিহত হয়েছেন। সংবাদপত্রটি ওই প্রতিবেদনে নাম না প্রকাশের না শর্তে এক মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং হামলাকারী জঙ্গিদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৩ ঘ.