জাতিসংঘ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একটি প্রস্তাবনা পাসের মধ্য দিয়ে বৃহস্পতিবার দারফুরে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীর মেয়াদ নতুন করে একবছর বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সুদানের প্রেসিডেন্টকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করার পদক্ষেপ নিয়ে বেশি উদ্বেগ প্রকাশের জন্য ওয়াশিংটন এই প্রস্তাবনার সমালোচনা করেছে।
বর্ধিত মেয়াদে সুদানের দারফুর প্রদেশে ২০০৯ সালের জুলাই পর্যন্ত শান্তিরক্ষা মিশন চলবে।
প্রস্তাবনায় স্পষ্ট বলা আছে যে, দারফুরে শান্তি রক্ষার স্বার্থে নিরাপত্তা পরিষদ সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ গঠনের যে কোনরকম পদক্ষেপ বন্ধ করতে আলোচনায় বসতে রাজি থাকবে। প্রস্তাবনার এই ভাষা বেশির ভাগ পশ্চিমা দেশ গ্রহণ করেছে।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যেও মধ্যে ১৪ সদস্যই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে। ওদিকে, যুক্তরাষ্ট্র প্রস্তাবনার আইসিসি সম্পর্কিত ওই অধ্যায়টি প্রত্যাখ্যান করে ভোটদানে বিরত থাকে। তারা দারফুরে শান্তিরক্ষা কার্যক্রমের মেয়াদ বাড়ানোকে সমর্থন করলেও আইসিসি'র পদক্ষেপের বিরোধীতা প্রত্যাখ্যান করেছে।
সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে পাঁচ বছর ব্যাপী যুদ্ধের ফলে মানবিক বিপর্যয় নেমে এসেছে। দারফুরের সক্রিয় সংগঠণগুলো অভিযোগ করছে, এখানকার শান্তিরক্ষা মিশনকে প্রয়োজনীয় হেলিকপ্টার এবং অন্যান্য জিনিস দিয়ে সহায়তা করতে ব্যর্থ হয়েছে বিশ্ব।
ভোটদানে যুক্তরাষ্ট্রের বিরত থাকা প্রসঙ্গে জাতিসংঘে মার্কিন উপ-রাষ্ট্রদূত অ্যালেজান্দ্রো উলফ বলেন, "যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থেকেছে। কারণ, প্রস্তাবনায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তাতে প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির ভ্রান্ত সংকেত পাবেন এবং এতে করে তাকেসহ অন্যান্যদেরকে ন্যায়বিচারের আওতায় আনার প্রচেষ্টা ক্ষুন্ন হবে।" তবে ভোটদানে বিরত থাকলেও যুক্তরাষ্ট্র শান্তিরক্ষী বাহিনীর মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২৯ ঘ.
bdnews24