২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে গ্রেপ্তার ও অপহৃত হওয়ার অভিযোগ করাদিচের

বসনিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী, যুদ্ধকালীন সার্ব নেতা রদোভান কারাদিচ বৃহস্পতিবার প্রথমবারের মতো নেদারল্যান্ডসে হেগের জাতিসংঘ আদালতে হাজির হয়ে অবৈধভাবে গ্রেপ্তার এবং অপহৃত হওয়ার অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

দ্য হেগ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসনিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী, যুদ্ধকালীন সার্ব নেতা রদোভান কারাদিচ বৃহস্পতিবার প্রথমবারের মতো নেদারল্যান্ডসে হেগের জাতিসংঘ আদালতে হাজির হয়ে অবৈধভাবে গ্রেপ্তার এবং অপহৃত হওয়ার অভিযোগ করেছেন। গণহত্যার অভিযোগের জবাব দিতে বৃহস্পতিবার কারাদিচকে আদালতে হাজির করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, "আমাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনদিন অপরহরণ করে রাখা হয়েছে , কেড়ে নেওয়া হয়েছে সমস্ত অধিকার। ফোন করা কিংবা এসএমএস করার অধিকারটুকুও আমাকে দেওয়া হয়নি।" এ অবস্থায় তিনি প্রাণনাশের হুমকির মুখেও ছিলেন বলে জানান কারাদিচ। যুক্তরাষ্ট্রের সাবেক শান্তি মধ্যস্থতাকারী রিচার্ড হলব্র"ককে আক্রমণ করে কারাদিচ বলেন, "হলব্র"ক এখনও আমার মৃত্যু চাইলে এবং এই আদালতে মৃত্যুদণ্ড নেই বলে দু:খ করলে আমি জানতে চাই তার হাত কি আমাকে মারার জন্য এতদূরে পৌঁছবে?" কারাদিচের এ মন্তব্যের জবাবে ওয়াশিংটনে হলব্র"ক রয়টার্সকে বলেন, "আমি জানি হেগ আদালতে মৃত্যুদণ্ড নেই। কিন্তু কেউ মৃত্যুদণ্ড পেলে তা পাবেন রাদোভান কারাদিচই। কারণ ৩ লাখ মানুষ হত্যার জন্য তিনি প্রত্যক্ষ বা পরোক্ষোভাবে দায়ি।" প্রায় ১১ বছর আত্মগোপনে থাকার পর গত সপ্তাহে বেলগ্রেডের কাছের একটি এলাকা থেকে কারাদিচকে গ্রেপ্তার করে সার্বিয়ার সরকার। আদালতে তাকে বসার জন্যএকটি আসন দেওয়া হয়। সেখানে বসে তিনি খুব সংক্ষিপ্তভাবে জিজ্ঞাসাবাদের জবাব দেন। পরিবার তার অবস্থান সম্পর্কে জানে কিনা জিজ্ঞাসা করা হলে কারাদিচ জানান, "আমার মনে হয় এমন কেউ নেই যে জানে না যে আমি আটক রয়েছি।" জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রাণচঞ্চল এবং অবাধ্য হয়ে উঠলে বিচারক আলফোনস অরি বাধ্য হয়ে তাকে মাঝপথে থামিয়ে দেন। তার বিরুদ্ধে হেগ আদালতে দুইটি গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি সারায়েভোতে ৪৩ মাসের অবরোধ ও ১৯৯৫ সালে স্রেব্রেনিকায় মুসলিম গণহত্যার অভিযোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে সবচেয়ে জঘন্য ওই হত্যাযজ্ঞে প্রায় আট হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল। বুধবার সকালে নেদারল্যন্ডসে আনার পর একরাত কারদিচকে আদালতের একটি বন্দিশিবিরে রাখা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল ধূসর রঙের স্যুট। আদালতে তাকে অবসন্ন দেখাচ্ছিল। আদালত আপাতত মুলতবি ঘোষণা করা হয়েছে। ২৯ আগস্ট আবার মামলার শুনানি শুরু হবে। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আপিল করতে পাবেন কারাদিচ। বসনিয়া যুদ্ধের আরেক যুদ্ধাপরাধী মিলোসেভিচের মত কারাদিচও কোনো আইনজীবীর সহায়তা না নিয়ে নিজেই আত্মপক্ষ সমর্থন করতে চান বলে জানিয়েছেন। যা বিচারকাজ প্রলম্বিত করবে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত ১৯৯৫ সালের সার্বেনিসা গণহত্যার জন্য জাতিসংঘের যুদ্ধপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত হন কারাদজিচ। ১৯৯৬ সালে আত্মগোপনে চলে যান তিনি। কারাদজিচের বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার ১৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আছে যুদ্ধাপরাধ, সারায়েভোতে প্রায় ১২,০০০ নাগরিককে হত্যার জন্য মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অন্যান্য বর্বরতার অভিযোগ, সার্বেনিসা হত্যাযজ্ঞের মাধ্যমে ৭,৫০০ মুসলিম তরুণ-তরুণী ও বয়স্ক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, বসনিয়ার মুসলিম ও ক্রোট রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ অন্যান্যদের বেআইনীভাবে নির্বাসিত ও বাস্তুচ্যুত করার অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২০ ঘ.